মেয়েদের এশিয়া কাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪ ১৭:২৯ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪ ১৮:১০ পিএম
পাওয়ার প্লেতে ইতিবাচক শুরুর পরই ভেঙে পড়ে ভারতের টপ অর্ডার। তবে একপ্রান্তে অবিচল ছিলেন ওপেনার স্মৃতি মান্ধনা। বাঁহাতি এই ব্যাটার ফিফটি হাঁকিয়ে দলকে শক্ত অবস্থানে টেনে নিয়ে যান। এরপর জেমিমা রদ্রিগেজের দায়িত্বশীল ইনিংসের সাথে রিচা ঘোষের ক্যামিও ইনিংসে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে ভারতের মেয়েরা।
রবিবার (২৮ জুলাই) ডাম্বুলা রঙ্গিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের নবম আসরের ফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয় রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ভারত। ম্যাচে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করেছে হারমানপ্রীত কৌরের দল। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন স্মৃতি মান্ধনা। ৪৭ বলের ইনিংসে হাঁকান ১০ টি বাউন্ডারি।
ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে ৪৪ রান তুলে দুর্দান্ত শুরু করে দুই ভারতীয় ওপেনার শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধানা। তবে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি শেফালি। ১৯ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। উমা সেত্রীও (৯) দ্রুত বিদায় নেন। ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরও। ১১ বলে ১ বাউন্ডারিতে ১১ করে সাজঘরে ফেরেন।
তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন স্মৃতি মান্ধানা। ৩৬ বলে ফিফটি তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ৪৭ বলে ৬০ রান করে বাউন্ডারি লাইনে কাঁটা পড়েন ওপেনার স্মৃতি মান্ধানা। তাকে যোগ্য সঙ্গ দিয়ে জেমিমাহ রদ্রিগেস ১৬ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলেন। শেষদিকে ব্যাটিংয়ে এসে তাণ্ডব চালাতে থাকেন রিচা ঘোষ। ইনিংসের শেষ ওভারে তৃতীয় বলে সাজঘরে ফেরার আগে ১৪ বলে ৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই ডান হাতি ব্যাটার।
শ্রীলঙ্কার হয়ে দুই উইকেট শিকার করেন কাভিষা দিলহারি। এ ছাড়াও উদেশিকা প্রাবোধানী এবং সাচিনি নিসানশালা এবং চামারি আথাপাত্তু একটি করে উইকেট নেন।