মেয়েদের এশিয়া কাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪ ১৩:৩৮ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪ ১৫:৪৭ পিএম
মেয়েদের এশিয়া কাপের নবম আসরের শিরোপা নির্ধারণী ফাইনালে আজ রবিবার মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। ডাম্বুলার রঙ্গিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টিভি।
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ সাতবার শিরোপা ঘরে তুলেছে ভারতের মেয়েরা। বাকি একবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এ ছাড়া বাকি কোনো দলই শিরোপা জয়ের স্বাদ পায়নি। শ্রীলঙ্কার মেয়েরা পাঁচবার শিরোপা মঞ্চে গেলেও ভারতের মেয়েদের কাছে পরাজয়ে উৎসব করতে পারেনি।
এবার ঘরের মাঠে ভারতকে হারিয়েই শিরোপা উৎসব করতে মরিয়া শ্রীলঙ্কার মেয়েরা। আসরে গ্রুপপর্বে টানা তিন ম্যাচ জিতে ‘বি’ গ্রুপের সেরা হয়েই সেমিফাইনালের টিকিট কেটেছিল স্বাগতিকরা। এরপর সেমিফাইনালে শেষ ওভারের রোমাঞ্চে পাকিস্তানের মেয়েদের ৩ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কাটে চামারি আতাপাত্তুর দল।
অন্যদিকে ভারতের মেয়েরাও শিরোপা ধরে রাখার মিশনে অপরাজিত হিসেবেই ফাইনালে উঠেছে। গ্রুপপর্বে টানা তিন ম্যাচ জিতে ‘এ’ গ্রুপের সেরা হয়েই সেমিফাইনালে ওঠে হারমানপ্রিত কৌরের দল। এরপর সেমিতে বাংলাদেশের মেয়েদের বিপক্ষে ৫৪ বল হাতে রেখেই ১০ উইকেটের সহজ জয় তুলে নেয় ব্লুজরা।