× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুটানে প্রত্যাবর্তনের আরেকটি গল্প লিখে সাবিনাদের দারুণ জয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ২০:৫০ পিএম

থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শনিবার ভুটানকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। সংগৃহীত

থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শনিবার ভুটানকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। সংগৃহীত

ভুটানে অনুষ্ঠেয় দুটি প্রীতি ম্যাচ বাংলাদেশের জন্য এক অর্থে ছিল পরীক্ষা-নিরীক্ষার। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে স্কোয়াডের সব খেলোয়াড়দের বাজিয়ে দেখতে চেয়েছেন সাবিনা খাতুনদের নতুন কোচ পিটার বাটলার। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ছিল সেই নিরীক্ষা। তাতে শঙ্কাও জেগেছিল হারার। কিন্তু জোড়া গোলে পিছিয়ে পড়ার পরও ভুটানে আরও একবার প্রত্যাবর্তনের গল্প লিখলেন সাবিনারা। রোমাঞ্চকর জয় দিয়ে ভুটান সফর শেষ করল বাংলাদেশ নারী ফুটবল দল।

থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শনিবার ভুটানকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। ছয় গোলের চার গোলই হয়েছে প্রথমার্ধে। ২-২ সমতায় থাকা ম্যাচ দ্বিতীয়ার্ধের জোড়া গোলে দারুণ জয় পায় বাটলারের শিষ্যরা। ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচের আগেরটিতে স্বাগতিকদের ৫-১ গোলে হারিয়েছিল সফরকারী বাংলাদেশ। শেষটা জিতে সফর রাঙিয়েছেন লাল-সবুজের মেয়েরা।

ভুটানের বিপক্ষে সর্বশেষ আগের তিন লড়াইয়ে শতভাগ জয় ছিল বাংলাদেশের পক্ষে। সবশেষ ম্যাচটিই তো পিছিয়ে পড়েও বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেসব বিবেচনা  এই ম্যাচেও সহজ জয়ের আশাতেই ছিল দেশের সমর্থকেরা। কোচ বাটলারও স্কোয়াড বাজিয়ে দেখেন। আগের ম্যাচে খেলা অনেক খেলোয়াড়ই ছিলেন না এদিনকার শুরুর একাদশে। মূল একাদশের হয়ে মাঠে নামার সুযোগ পান সানজিদা আক্তার, মাতসুশিমা সুমাইয়া, কিসকু কোহাতি ও মোসাম্মৎ সাগরিকারা। যারা আগের ম্যাচে বেঞ্চে থেকে মাঠে নামেন। কোচের ঘুরিয়ে ফিরিয়ে খেলার এই চেষ্টা কাজে লাগায় স্বাগতিক মেয়েরা। চাংলিমিথাংয়ে এদিন যেন অন্য এক ভুটানকেই দেখা গেলো। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দলটি। যার সুফলও পায় তারা। খেলার ২১ মিনিটের মধ্যে দুই গোলে লিড নেয় ভুটনা। এরপর সাবিনা ও সাগরিকার গোলে প্রথমার্ধেই সমতায় ফেরে বাংলাদেশ। সফরের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেন সাগরিকা, ওই ম্যাচেও গোল পেয়েছিলেন অধিনায়ক সাবিনা। এদিন খেলার পরের অর্ধে জয়সূচক গোলসহ দুটি গোলই এসেছে ঋতুপর্ণ চাকমার পাঁ থেকে। তাতেই মেলে ৪-২ গোলের জয়। আগের ম্যাচেও গোল পেয়েছিলেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড।

এর আগে খেলা শুরুর ১০ মিনিটের মধ্যেই ম্যাচের লাগাম নিয়ে নেয় ভুটান। ১৪ মিনিটে সতীর্থের আড়াআড়ি ক্রস থেকে বল জালে জড়িয়ে ভুটানকে এগিয়ে নেন দেকি লেহাজোম। তিন মিনিট পর সমতায়ে ফেরার সুবর্ণ সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু সুমাইয়া নিজে শট না নিয়ে বাড়ান পাশে থাকা সানজিদাকে; এই মিডফিল্ডারের শট বেরিয়ে যায় দূরের পোস্ট দিয়ে। ২১ মিনিটে আরেক ধাক্কায় কোণঠাসা হয়ে যায় বাংলাদেশ। এবার বক্সের বাম দিক থেকে লেহাজোমের নেওয়া কোনাকুনি শট রুপনা চাকমা বদলে পোস্টের নিচে দাঁড়ানো মিলি আক্তারের হাত ছুঁয়ে জালে জড়ায়।

বাংলাদেশ ম্যাচে ফেরার উপলক্ষ পায় ৩৪ মিনিটে। সতীর্থের লম্বা পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত টোকায় জাল খুঁজে নেন অধিনায়ক সাবিনা। ৪০ মিনিটে সমতার স্বস্তি ফেরে বাংলাদেশের শিবিরে। বক্সের ভেতর থেকে দারুণ চিপ শটে বল ঠিকানায় পৌঁছে দেন সাগরিকা। দ্বিতীয়ার্ধে তুলনামূলক ধারাল ফুটবল খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। তবে দল ছাপিয়ে এই অর্ধে সমস্ত আলোই যেন নিজের উপর কেড়ে নেন ঋতুপর্ণা চাকমা। ৬২ মিনিটে তিনি কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করলে ম্যাচে প্রথমবার এগিয়ে যাওয়ায় স্বাদ নেয় বাংলাদেশ। ৮৬ মিনিটে কর্নারের পর এই ফরোয়ার্ড আবারও জালের দেখা পেলে অনেকটাই নিশ্চিত হয়ে যায় দলের জয়।

আগামী অক্টোবরে নেপালে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। কাঠমান্ডুতে মুকুট ধরে রাখার মিশনে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলল মেয়েরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা