প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪ ২১:০৫ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৪ ২১:১৭ পিএম
চার-ছক্কার খেলা ক্রিকেট। কিন্তু সেই
ছক্কা মারতেই নিষেধ করল একটি ক্রিকেট ক্লাব। অদ্ভুত এ ঘটনা ঘটেছে ক্রিকেটের জন্মস্থান
ইংল্যান্ডে। দেশটির অন্যতম পুরোনো কাউন্টি ক্লাব সাউথউইক ও শোরহাম ক্রিকেটারদের ছক্কা
মারতে বারণ করে দিয়েছে। শুধু তাই নয়, ছক্কা মারলে রান পাবেন না কোনো ব্যাটার। আবার
সেই ব্যাটার দ্বিতীয়বার ছক্কা মেরে দিলে ফিরে যেতে হবে প্যাভিলিয়নে।
১৭৯০ সালে প্রতিষ্ঠিত ক্লাবটির
ঘরের মাঠ দ্য গ্রিনের কাছাকাছি অনেক বাড়ি রয়েছে। ক্লাবের মাঠটি তুলনামূলক ছোট, তাই
ছক্কা মারলে আশপাশে থাকা বাড়ির জানালা ও গাড়ির কাচ ভেঙে যায়। সেসব বাড়িতে ক্ষয়ক্ষতির
অভিযোগ আনার পর ক্লাব কর্তৃপক্ষ নতুন পদক্ষেপ হিসেবে ছক্কা মারাই বন্ধ করে দিয়েছে।
সাউথউইকের মাঠটির পাশে বসবাস করেন ম্যারি
গিল। ৮০ বছর বয়সি গিল ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইনকে বলেছেন, ‘এটা খুব ছোট মাঠ।
আমার পিতামাতা ও দাদা-দাদিরা এখানে থাকতেন আমার আগে। ক্রিকেট বল সব সময়ই উড়ে এসে ক্ষতি
করেছে। বছর ধরে আমরা ছাদের টাইলস ভাঙা পেয়ে এসেছি, জানালা ভেঙে যাওয়া এবং এসব ধরনের
ক্ষতি।’
স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা নতুন নিয়মে
সন্তুষ্ট নন মোটেও। বাড়িতে বল পড়ার ব্যাপারে একজন ক্রিকেটার তো বলে দিয়েছেন, ‘ক্রিকেট
মাঠের পাশে আপনি ঘর কিনে থাকলে, আপনার আঙিনায় কিছু বল দেখবেন।’ আরেকজন চরম বিরক্তিই
প্রকাশ করেছেন এভাবে, ‘কীভাবে আপনি ছক্কা মারা নিষিদ্ধ করতে পারেন? হাস্যকর। এটা আনন্দ
কমিয়ে দেয়।’
অদ্ভুত নিয়মটি তৈরিতে জড়িয়ে থাকা ক্লাবের
কোষাধ্যক্ষ মার্ক ব্রক্সাপ বলেছেন, ‘অতীতে গাড়ি, ঘর, এমনকি ছাদের ক্ষতি হওয়ার কিছু
ঘটনা ঘটেছে। আমরা ব্যয়বহুল বীমা পরিশোধ করতে চাই না। অথবা আমাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
নেওয়া হোক সেটা চাই না। এজন্য এটা করাই বুদ্ধিমান সিদ্ধান্ত মনে হয়েছে।’
অবশ্য ইংলিশ ক্রিকেটে এমন অদ্ভুত নিয়ম
নতুন কিছু নয়। আরেক কাউন্টি ক্লাব কেন্টের ক্যান্টারবেরিতে মাঠের মধ্যে একসময় গাছও
ছিল। যে গাছে লাগাতে পারলে ৪ রান পেতেন ব্যাটসম্যানরা।