প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪ ২০:০৭ পিএম
দীর্ঘ সময় পর মাঠের লড়াইয়ে নেমে দারুণ ফুটবলই খেলেছে বাংলাদেশ নারী দল। দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে ভুটানে গিয়ে প্রথমটিতে স্বাগতিকদের হারিয়েছে বড় ব্যবধানে। দেশটির রাজধানী থিম্পুতে আগামীকাল অনুষ্ঠিত হবে দ্বিতীয় তথা শেষ ম্যাচ। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেকটা পিছিয়ে থাকা ভুটানের বিপক্ষে এবার জয় ছাপিয়ে নিজেদের খেলায় আরও উন্নতি দেখতে চান অধিনায়ক সাবিনা খাতুন। চাংলিমিথাং স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
ভুটান সফরে এবার নারীদের দুটি ম্যাচই বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কেননা নেপালে আগামী অক্টোবরে বসবে নারীদের সাফ চ্যাম্পিয়নশিপের আসর। ওই টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুত রাখতে এবং নিজেদের মাঠের লড়াইয়ে ফিট রাখতে ভুটান সফরকে পাখির চোখ করেছেন মেয়েরা। তা ছাড়া সাফের বর্তমান চ্যাম্পিয়নও বাংলাদেশ। এবার তাদের সামনে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকেই কাজ শুরু করে দিয়েছেন সাবিনা, মারিয়া মান্ডাদের প্রধান কোচ পিটার বাটলার। তার অধিনে প্রথম ম্যাচে অবশ্য চেনা ছন্দেই ছিলেন খেলোয়াড়েরা। কিছু ভুল ত্রুট্রি হয়েছে। যে গোলটা বাংলাদেশ হজম করেছে সেটাও ছিল নিজেদের ভুলের খেসারত। এবার আর সেই ভুল করতে চান না দলের খেলোয়াড়েরা।
এদিকে নতুনদের সুযোগ দিয়ে কঠিন চ্যালেঞ্জই নেন বাটলার। তাকে সফল প্রমাণ করতে বেশি সময় নেননি তরুণ ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা। বদলি হিসিবে নেমে নিজের অভিষেক রাঙিয়েছেন বয়সভিত্তিক পর্যায়ে আলো ছড়ানো সাগরিকা। এবার আরও বেশি গোলের আনন্দে ভাসতে চান তিনি। খেলার আগের দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) পাঠানো এক ভিডিও বার্তায় সাগরিকা বলেন, ‘অভিষেকে হ্যাটট্রিক, অনেক ভালো অনুভূতি ছিল, যেটা কখনও ভাবিনি। কখনও ভাবিনি গোল করতে পারব, সেখানে হ্যাটট্রিক করেছি, অনেক ভালো লাগছে, আর তখনকার অনুভূতিও ছিল দারুণ। প্রথম ম্যাচে তো হ্যাটট্রিক করেছি, সামনের ম্যাচে যেন আরও বেশি গোল দিয়ে বাংলাদেশকে আরও বড় ব্যবধানে জেতাতে পারি, এটাই লক্ষ্য।’
বাংলাদেশ নারীদের বিপক্ষে ভুটান দল কখনোই চ্যালেঞ্জ জানাতে পারেনি। বিশেষকরে সর্বশেষ পাঁচ-ছয় বছরে। ২০২২ সালে প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশের মেয়েরা। সেবার ভুটানকে সেমিফাইনালে ৮-০ ব্যবধানে গুড়িয়ে দিয়েছিলেন লাল-সবুজের প্রতিনিধিরা। এ ছাড়া বয়সভিত্তিক পর্যায়েও ভুটানকে অনায়েসে হারানোর সুখস্মৃতি নিকট অতীতে আছে বাংলাদেশের। আর তাদের বিপক্ষেই কি না গত বুধবার প্রথম প্রীতি ম্যাচে আগে গোল হজম করে বসে বাংলাদেশ। সেটিও নিজেদের ভুলে। অধিনায়ক তাই ভুল-ত্রুটিগুলো শুধরে নেওয়ার তাগিদ দিয়েছেন দলের প্রতি। তবে প্রতিপক্ষের প্রতি সমীহ রেখেই ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন সাবিনা, ‘প্রথম ম্যাচে ওরা (ভুটান বেশ ভালো ফুটবল খেলেছে। সাফে (২০২২ সাল) আমরা যে ভুটানের বিপক্ষে খেলেছি, তার চেয়ে এই দলটা তুলনামূলকভাবে ভালো জায়গায় আছে। তবে আমাদের খেলোয়াড়েরা চেষ্টা করেছে নিজেদের স্বাভাবিক ফুটবলটা খেলার, ফলও (জয়) পেয়েছি তাতে। গত ম্যাচের যেসব ভুল-ত্রুটি ছিল, সেগুলো শুধরে পরের ম্যাচেও (আজকের ম্যাচ) যেন দেশবাসীকে জয় উপহার দিতে পারি, সে লক্ষ্য নিয়েই মাঠে নামব।’
এবার ভুটান সফরে নিয়মিত দলের অন্তত সাতজন খেলোয়াড় যেতে পারেননি। এইচএসসি পরীক্ষার জন্য ভুটান সফর থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার আফিদা খন্দকার। ভুটানের বিপক্ষে কোচ পাননি মাঝ মাঠের অভিজ্ঞ সেনানি শাহেদা আক্তার রিপা ও সুরমা খাতুনকে এবং আক্রমণভাগের অভিজ্ঞ তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়রকে। অনেকদিন ধরেই ইনজুরির সঙ্গে লড়াই করছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম গুরুত্বপূর্ণ ও তারকা খেলোয়াড় কৃষ্ণা রানী সরকার। তিনিও সুযোগ পাননি স্কেয়াডে। তার মতোই ইনজুরির কারণে সুযোগ পাননি আকলিমা খাতুন। তাদের পরিবর্তে দলে নেওয়া হয়েছে সবশেষ নারী লিগে আলো ছড়ানো কয়েকজন তরুণ ফুটবলার। তারা হলেন- বাংলাদেশ সেনাবাহিনীর গোলরক্ষক মিলি আক্তার ও ফরোয়ার্ড সুলতানা খাতুন এবং সিরাজ স্মৃতি সংঘের ফরোয়ার্ড অর্পিতা বিশ্বাস। এ ছাড়া বয়সভিত্তিক পর্যায়ে দারুণ পারফর্ম করা ফরোয়ার্ড মোসাম্মত সাগরিকা ও সুরভী আকন্দ প্রীতি। সিনিয়র দলে এই দুজনেরই অভিষেক করিয়েছেন বাটলার। প্রথম ম্যাচে শুরুর একাদশে রাখেন প্রীতিকে। তবে বেশিক্ষণ খেলাননি তাকে। উঠিয়ে নিয়ে মাঠে নামান আরেক তরুণ সাগরিকাকে। এরপরের গল্পটা তো সবারই জানা। ৪৯তম মিনিটে দলের সমতাসূচক গোলের পাশাপাশি পরে আরও দুবার ভুটানের জাল কাঁপান। জানা গেছে, আজকের ম্যাচেও নতুন খেলোয়াড়কে আন্তর্জাতিক অভিষেক করিয়ে দিতে পারেন ব্রিটিশ কোচ বাটলার। সেক্ষেত্রে সুযোগ মিলবে গোলরক্ষক মিলি, ফরোয়ার্ড সুলতানা কিংবা অর্পিতার।