প্যারিস অলিম্পিক
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪ ১৭:৩৮ পিএম
র্যাঙ্কিং রাউন্ডে শুরুটা ভালো করতে পারেননি আর্চার মোহাম্মদ সাগর ইসলাম। প্যারিস অলিম্পিকের আর্চারির রিকার্ভ পুরুষ এককের প্রথম ধাপে বাংলাদেশের এই আর্চার শেষ করলেন নিচের দিকে থেকে। বৃহস্পতিবার ৭২টি তির ছুঁড়ে ৬৫২ স্কোর গড়েন সাগর। ৬৪ প্রতিযোগীর মধ্যে ৪৫তম হয়েছেন ১৮ বছর বয়সী এই আর্চার।
গত জুনে তুরস্কের একটি টুর্নামেন্টে পুরুষ রিকার্ভ এককের সেমিফাইনালে উঠে সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন সাগর। সেখানে কোয়ার্টার-ফাইনালে গড়া ৬৬০ স্কোর সাগরের ব্যক্তিগত সেরা। প্যারিসে র্যাঙ্কিং রাউন্ডে তা টপকাতে পারলেন না তিনি। এই ইভেন্টে ৭০২ স্কোর নিয়ে ২০১৯ সালে বিশ্ব রেকর্ড গড়েছিলেন যুক্তরাষ্ট্রের এলিসন ব্র্যাডি। ২০১৬ সালের রিও দে জেনেইরো অলিম্পিকে ৭০০ স্কোর নিয়ে অলিম্পিক রেকর্ড গড়েছিলেন দক্ষিণ কোরিয়ার কিম উ জিন। দুটি রেকর্ডই অক্ষত থাকল। এবারের র্যাঙ্কিং রাউন্ডে কিম উ জিন গড়েছেন ৬৮৬ স্কোর।
ফল খারাপ হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সাগর জানান, ‘এখানে আবহাওয়া একটু ভিন্ন। সব সময় তিরের ওপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় না। শট একটু অন্য রকম হলে পিছিয়ে পড়তে হয়। আজ (বৃহস্পতিবার) যেমন হয়েছে। তবে যাই হোক আমি ঠিক আছি। সামনের দিকে ভালো ফল করতে পারবো বলে আশাবাদী।’
বাংলাদেশ আরচারি দলের কোচ মার্টিন ফ্রেডরিক। সাগরের সম্ভাব্য প্রতিপক্ষ সম্পর্কে জার্মান এই কোচ বলেছেন, ‘সম্ভবত র্যাংকিংয়ে ২০তম আর্চারকেই সাগর পাচ্ছে। সে টোকিও অলিম্পিকে গতবার রৌপ্য পদক জয়ী। তবে যেই হোক না কেন, সেও দশে দশ স্কোর করতে পারে, সাগরও পারে।’
পুরুষ এককের ইলিমেনেশন রাউন্ড হবে ৩০ জুলাই থেকে ১ আগস্টের মধ্যে।