প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪ ১৭:১২ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৪ ১৯:১৫ পিএম
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। আজ শুক্রবার ‘ক্রিকেট কর্নার’ নামের অনুষ্ঠানে সঞ্চালক সলিম খালিকের এ প্রশ্নে মালিক বলেছেন, দেশের জার্সিতে খেলার আগ্রহ নেই তার। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন। এমনকি ‘মেন্টর’ হিসেবে কাজ করার আগ্রহ তার।
সবশেষ ২০২১ সালে পাকিস্তানের জার্সিতে মাঠে নেমেছিলেন মালিক। এরপর আর দলে সুযোগ মেলেনি। তবে ফেরার চেষ্টা চালিয়ে গেছেন প্রতিনিয়ত। সেটিও সম্ভব হয়নি। এ নিয়ে মালিক বলেন, ‘আমার খেলার ইচ্ছা নেই। তবে যে কথাটা আগেও দু–একটা সাক্ষাৎকারে বলেছি, আমি এক ঘোষণায় সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেব।’
পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের এই ক্রিকেটার দেশের জার্সিতে প্রায় চার শতাধিক ম্যাচ খেলেছেন। দলের অন্যতম অলরাউন্ডার বটে। তারপরও তিন বছর ধরে দলের বাইরে। এ নিয়ে অবশ্য বলেন, ‘আমি ভালোই আছি। এতগুলো বছর খেলার পর নিজেকে নিয়ে সন্তুষ্ট।’
১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মালিকের। খেলেছেন দুই যুগ। সাদা পোশাকে ৩৫টি, এক দিনের ক্রিকেটে ২৮৭ এবং টি-টোয়েন্টিতে ১২৪টি ম্যাচ খেলেছেন তিনি। টেস্টে মালিকের রান ১৮৯৮ এবং উইকেট ৩২টি। ওয়ানডেতে ৯৫৩৪ রান এবং উইকেট ১৫৮টি। টি-টোয়েন্টিতে তার রান ২৪৩৫ এবং উইকেট ২৪টি।