× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেয়েদের এশিয়া কাপ

বাংলাদেশ-ভারত সেমির যুদ্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৪ ০১:৩০ এএম

আপডেট : ২৬ জুলাই ২০২৪ ১১:০৩ এএম

এশিয়া কাপে ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামার আগেরদিন অনুশীলনে নিগার সুলতানা জ্যোতি; ছবি: আ. ই. আলীম

এশিয়া কাপে ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামার আগেরদিন অনুশীলনে নিগার সুলতানা জ্যোতি; ছবি: আ. ই. আলীম

মেয়েদের এশিয়া কাপের মঞ্চে একচেটিয়া দাপট ভারতের মেয়েদের। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আট আসরের মধ্যে সাতবারের চ্যাম্পিয়নই তারা। তবে ২০১৮ সালের আসরে ভারতকে হারিয়েই ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। আরেকটি এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ শুক্রবার ভারতের মেয়েদের মুখোমুখি হচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা। চলমান এশিয়া কাপের নবম আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। ডাম্বুলার রঙ্গিরি আন্তর্জাতিকক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে কুড়ি কুড়ির ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও গাজী টিভি।

শক্তি, সামর্থ্য কিংবা পরিসংখ্যানÑসব বিভাগেই ভারতের মেয়েদের চেয়ে পিছিয়ে বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টিতে দুই দলের এখন পর্যন্ত ২২ বারের মুখোমুখি দেখায় ভারতের ১৯ জয়ের বিপরীতে বাংলার মেয়েরা জিতেছে মাত্র ৩টিতে। ঘরের মাঠে সবশেষ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ভারতের মেয়েদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগ্রেসরা। এবারের এশিয়া কাপেও শিরোপা ধরে রাখার মিশনে ছুটছে হারমানপ্রীত কৌরের দল। গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টানা তিন ম্যাচে জিতে সবার আগে উঠেছে সেমিফাইনালে। কাগজে-কলমে ভারত শক্তিশালী দল হলেও সেমিফাইনালে দলের ওপর আস্থা রাখছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ‘আমরা আমাদের নিজেদের খেলায় সচেতন থাকতে চাই। সবকিছুই নির্ভর করে নির্দিষ্ট দিনেরও পর, ওইদিন আমরা কেমন ক্রিকেট খেলি তার ওপর। দলের ওপর আমার আস্থা ও বিশ্বাস আছে। জানি আমাদের দলটা ভালো। শুধু শতভাগ পারফরম্যান্স দিতে হবে নির্দিষ্ট ওই দিনটাতে, এটা করতে পারলেই আশা করি ভালো কিছু করা সম্ভব হবে।’

সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়া-ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হয়েছিল বাংলাদেশকে। এশিয়া কাপেও গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হেরেছিল স্বাগতিক শ্রীলঙ্কার কাছে। তবে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে ধারাবাহিকভাবে ভালো ব্যাটিংয়ের পর কিছুটা স্বস্তি ফিরেছে বাংলাদেশের। ওপেনার মুর্শিদা খাতুন দুর্দান্ত দুই ইনিংসে তুলে নিয়েছেন ব্যাক টু ব্যাক ফিফটি। থাইল্যান্ডের বিপক্ষে ফিফটির পর মালয়েশিয়ার বিপক্ষেও দলকে ৮০ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন এই বাঁহাতি। অধিনায়ক জ্যোতিও পেয়েছেন রানের দেখা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৪৮ রানের পর মালয়েশিয়ার বিপক্ষে খেলেছেন ৩৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬২ রানের ইনিংস। নিজের ব্যাটিং নিয়ে জ্যোতি বলেছেন, ‘আমি সবসময় আক্রমণাত্মক ব্যাটিং করতে পছন্দ করি। আমার এরিয়ায় বল খুব সহজেই আসছিল, রান করা আমার জন্য তাই অনেকটাই সহজ হয়ে গেছে। মোর্শেদা যেহেতু অন্যপ্রান্ত থেকে আক্রমণাত্মক খেলছিল, এই কারণে আমার জন্য কাজটা আরও সহজ হয়ে যায়।’

এশিয়া কাপে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক নাহিদা আক্তার। তিন ম্যাচে ১২ ওভারে মাত্র ৩.২৫ ইকোনমি রেটে শিকার করেছেন ৫ উইকেট। প্রথম বাংলাদেশি হিসেবে উইকেটের সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন বাঁহাতি এই স্পিনার। ৮৬ ম্যাচে তার শিকার ৯৯ উইকেট। নিজের মাইলফলক স্পর্শের পাশাপাশি দলকে জিতিয়ে সেমিফাইনাল রাঙাতে চান ২৪ বছর বয়সি এই বোলিং অলরাউন্ডার, ‘অবশ্যই। সেমিফাইনালটা টিমের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের চেষ্টা থাকবে যেন আমরা সর্বোচ্চটা দিতে পারি। তিন বিভাগেই ফোকাস থাকবে যেন আমাদের সেরাটা দিতে পারি।’ 

যোগ করেন, সেটা (মাইলফলক) কখনও ভাবি নাই। সবসময় চেষ্টা ছিল টিম আমাকে যেখানে মনে করবে, সেখানে নিজের সর্বোচ্চটা দিব। আমি আসলে কখনও উইকেটের দিকে তাকিয়ে থাকি না। উইকেট পেতে অনেকটা সময় ভাগ্য সাথে থাকতে হয়। আমি আলহামদুলিল্লাহ ৯৯টা উইকেট পেয়েছি। চেষ্টা করব যেন দেশের হয়ে আরও অনেক ম্যাচ খেলতে পারি ও অনেক কিছু দিতে পারি।’ 

একই ভেন্যুতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মেয়েরা। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে ‘বি’গ্রুপের সেরা হয়েই সেমিফাইনালের টিকিট কেটেছে লঙ্কান মেয়েরা। আর ‘এ’গ্রুপে পাকিস্তানের মেয়েরা ভারতের কাছে হারলেও পরের দুই ম্যাচ জিতে শেষ চারে উঠেছে। দুই সেমিফাইনালে বিজয়ী দল ডাম্বুলায় ২৮ জুলাই বেলা সাড়ে ৩টায় এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা