প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪ ১৬:৪২ পিএম
ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেট শিকারি পেসার ছিলেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের তারকা এই পেসার ৫১ ম্যাচে উইকেটের সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। এবার তাকে সরিয়ে সবচেয়ে কম ম্যাচে উইকেটের সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ওমানের পেসার বিলাল খান। মধ্যপ্রাচ্যের দেশটির বাঁহাতি এই পেসার মাত্র ৪৯ ওয়ানডে খেলেই এই মাইলফলক স্পর্শ করেছেন।
বুধবার (২৪ জুলাই) নামিবিয়ার বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েছেন বিলাল খান। এই ম্যাচে খেলতে নামার আগে ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ছিল ৯৮টি। নামিবিয়ার বিপক্ষে ১০ ওভারে এক মেইডেনসহ ৫০ রানের বিনিময়ে শিকার করেন ৩ উইকেট। আর তাতেই ওয়ানডে ইতিহাসের প্রথম পেসার হিসেবে ৫০ ম্যাচের আগেই উইকেটের সেঞ্চুরি স্পর্শ করেন তিনি।
ম্যাচে নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাসকে ফিরিয়ে রেকর্ডের পথে এগিয়ে যান বিলাল। পরের ওভারে বোলিংয়ে এসেই ইয়ান ফ্রাইলিঙ্ককে এলবিডব্লিউ করে দেখা পান শততম উইকেটের। বিলাল ও শাহিনের পর ওয়ানডেতে দ্রুত উইকেট শিকারের সেঞ্চুরির তালিকায় পেসারদের মধ্যে এখন তিন নম্বরে আছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার বাঁহাতি এই পেসার ওয়ানডেতে শততম উইকেট ছুঁয়েছিলেন ৫২ ম্যাচ খেলে।
পেস-স্পিন মিলিয়ে বিলাল অবশ্য তৃতীয় দ্রুততম একশ উইকেট শিকারি। ৪২ ম্যাচে ১০০ ছুঁয়ে গত বছর বিশ্বরেকর্ড গড়েছেন নেপালের লেগ স্পিনার সান্দিপ লামিচানে। ৪৪ ম্যাচে এই মাইলফলক ছুঁয়ে রেকর্ডের দুইয়ে আছেন আফগান লেগ স্পিনার রশিদ খান।