প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪ ০২:৩৭ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৪ ০২:৩৮ এএম
চার্লি কাসেল
দারুণ এক কীর্তি গড়েছেন চার্লি কাসেল। ওয়ানডে অভিষেকেই বিশ্বরেকর্ড গড়েছেন স্কটল্যান্ডের এ পেসার। দেশের জার্সি গায়ে জড়িয়ে খেলতে নেমেই একদিনের ক্রিকেটে সেরা বোলিংয়ে গড়েছেন নয়া ইতিহাস। ওমানের বিরুদ্ধে ২১ রান খরচায় ৭ উইকেট শিকার করে নতুন এই মাইলফলক গড়েন কাসেল। এ রেকর্ড নিজের করে নিয়েই কাসেল ছাড়িয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ক্যাগিসো রাবাদাকে।
বিশ্বকাপের লিগ টু-এর ম্যাচে স্কটিশদের বিরুদ্ধে শুরুটা দুর্দান্ত ছিল ওমানের। ৪৯ রান তুলেছিল তারা মাত্র ২ উইকেটের বিনিময়ে। এরপরই কাসেলের গতিতে ঝড় তোলেন। নিজের প্রথম ওভারে ৪ বলেই ফেলে দেন ৩ উইকেট। তবে এজন্য কোনো রান দিতে হয়নি কাসেলকে। পরে পকেটে পুরেন আরও চারটি উইকেট।
একদিনের ক্রিকেটে এর আগে অভিষেকে সেরা বোলিং ফিগারের মালিক ছিলেন রাবাদা। বাংলাদেশের বিরুদ্ধে ১৬ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছিলেন প্রোটিয়া এ পেসার। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের ফিদেল এডওয়ার্ডসও অভিষেকে নিয়েছেন ৬ উইকেট। ৭ উইকেট নিজের নামের পাশে যোগ করে দুজনকেই ছাড়িয়ে গেছেন কাসেল। ওয়ানডে অভিষেকে ৫ বা তার অধিক উইকেট নেওয়ার রেকর্ড মালিক সব মিলিয়ে ১৫ জন।
সব মিলিয়ে ওয়ানডে ইতিহাসের সপ্তম সেরা বোলিংয়ের রেকর্ড করলেন কাসেল। সবার ওপরে রয়েছেন শ্রীলঙ্কার চামিন্ডা ভাস। ২০০১ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে ১৯ রান খরচায় ৮ উইকেট শিকার করেছিলেন লঙ্কান এ কিংবদন্তি ।
কাসেলের আগুনে বোলিংয়ে মাত্র ৪২ রান তুলতেই ওমানের ৮ উইকেট হাওয়া হয়ে যায়। ব্যাটিং বিপর্যয় সামাল দিতে না পেরে ২১.৪ ওভারে মাত্র ৯১ রানেই থেমে যায় মধ্যপ্রাচ্যের দেশটির ব্যাটিং অভিযাত্রা। লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.২ ওভারে মাত্র ২ উইকেটের বিনিময়েই জয়ের উৎসবে মাতে স্কটল্যান্ড। স্কটিশরা জয় ছিনিয়ে নেয় ৮ উইকেটের বিশাল ব্যবধানে।