× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাগরিকার হ্যাটট্রিকে বড় জয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৪ ২১:৫৪ পিএম

সাগরিকার হ্যাটট্রিকে বড় জয়

নেপাল ও বাংলাদেশকে নিয়ে ভুটানে হওয়ার কথা ছিল তিন জাতি ফুটবল টুর্নামেন্ট। শেষ পর্যন্ত সেটি না হলেও ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পায় বাংলাদেশ নারী ফুটবল দল। যার প্রথমটি অনুষ্ঠিত হয়ে গেল আজ বুধবার। যেখানে পিছিয়ে পড়েও স্বাগতিকদের বড় ব্যবধানে হারিয়েছেন মারিয়া মান্ডা ও সাবিনা খাতুনরা।

ভুটানের রাজধানী থিম্পুর চাংলিং নিথাম স্টেডিয়ামে ভুটানকে ৫-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। খেলার প্রথমার্ধে হয়েছে এক গোল। পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ান লাল-সবুজের মেয়েরা। পরের অর্থে একে একে পাঁচবার প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন সাবিনা, মারিয়া ও সাগরিকারা। হ্যাটট্রিক করেছেন বদলি হিসেবে নামা মোসাম্মৎ সাগরিকা। একটি করে গোল করেছেন অধিনায়ক সাবিনা ও ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা।

বাংলাদেশ দলের এবারের সফরটা একটা কারণে বিশেষ। দলের নতুন কোচ হিসেবে যোগ দিয়েছেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। তার অধীনে দল কেমন করে, সেটা ছিল দেখার অপেক্ষা। তা ছাড়া সিনিয়র দলের নিয়মিত প্রায় সাতজন খেলোয়াড়কে পাননি তিনি। দল সাজাতে হয়েছে তরুণদের নিয়ে। এরপর ম্যাচের শুরুর একাদশেও তিনি রাখেননি অভিজ্ঞ বেশ কয়েকজন খেলোয়াড়কে। ফরোয়ার্ড লাইনে মাতসুশিমা সুমাইয়ার জায়গায় স্থান পান বয়সভিত্তিক পর্যায়ে পারফর্ম করে আসা সুরভী আকন্দ প্রীতি। ছিলেন না অভিজ্ঞ উইঙ্গার সানজিদা আক্তারও। এমন দল নিয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথমার্ধেই এক গোল হজম করে বসে দল। তবে পিছিয়ে পড়ে হাল ছাড়েননি বাটলারের শিষ্যরা। পরের অর্ধে ভুটানকে নিজেদের শক্তিমত্তাই যেন জানান দিলেন বাংলাদেশের মেয়েরা। পাঁচ গোলে বিধ্বস্ত করে সাবিনারা তুলে নিলেন বড় জয়।

এদিন বাংলাদেশের আক্রমণভাগের খেলোয়াড়রা প্রথমার্ধে ছিলেন নিষ্প্রভ। এই সুযোগে বাংলাদেশকে চাপে ফেলে গোল আদায় করে ভুটান। খেলার ১৩ মিনিটে রক্ষণভাগের ভুলে গোল খেয়ে বসে বাংলাদেশ। গোলকিপার রুপনা চাকমার পাস শিউলি আজিম ক্লিয়ারের চেষ্টা করেও ব্যর্থ হন। সেই বল ধরে দারুণ ফিনিশিং টানেন ভুটানের অধিনায়ক পেমা চোদেন শেরিং। এরপর ইয়েশে বিধার প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে এলে ব্যবধান বাড়েনি স্বাগতিকদের। বিরতি থেকে ফিরে আট মিনিটের ঝড়ে ভুটানকে লন্ডভন্ড করে বাংলাদেশ। ৪৯ মিনিটে সাগরিকা এনে দেন সমতা ফেরানো গোল। পাঁচ মিনিট পর ব্যবধানও বাড়িয়ে নেন লাল-সবুজের প্রতিনিধিরা। ছয় গজ বক্সে সাগরিকার ক্রস পেয়ে অনায়াসে জালে পাঠান সাবিনা। একটু পরই ভুটানের জালে আবার বল পাঠান পিটার বাটলারের শিষ্যরা। বক্সে ঢুকে বাঁ পায়ের শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন ঋতুপর্ণা চাকমা। শেষ দিকে ভুটানের জালে আরও দুইবার বল পাঠান সাগরিকা। তাতে পূরণ হয় হ্যাটট্রিক। এর আগে ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯ সাফে আলো ছড়ান সাগরিকা। টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করে জেতেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। এবার সিনিয়র দলে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন রানীশৈংকল থেকে উঠে আসা এই ফুটবলার। এদিন অবশ্য দলে সুযোগ পেয়েও ভালো খেলতে পারেননি বয়সভিত্তিক খেলা থেকে উঠে আসা প্রীতি। দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেন কোচ বাটলার। একই মাঠে আগামীকাল দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা