× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাশেজের জন্য পেসারদের গড়ছেন জেমস অ্যান্ডারসন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুলাই ২০২৪ ১১:২৮ এএম

জেমস অ্যান্ডারসন

জেমস অ্যান্ডারসন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লর্ডসে প্রথম টেস্ট খেলার পর অবসর নিয়েছেন জেমস অ্যান্ডারসন। তবে সদ্য সাবেক এ ক্রিকেটার কিন্তু ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন না। ঘরের মাটিতে চলতি ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজে ইংল্যান্ড দলের সঙ্গেই থেকে যাচ্ছেন তিনি। 

আগামী দেড় বছরের মধ্যে ইংলিশরা অস্ট্রেলিয়াতে খেলতে যাবেন অ্যাশেজ সিরিজ। সেই সিরিজ জিতে তবেই ঘরে ফিরতে চান তারা। লর্ডসে প্রথম টেস্টের আগেই ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকস জানিয়েছিলেন ভবিষ্যতের এই সফর সূচির কথা। আর এই লক্ষ্যেই দলকে নতুন করে গড়ে তুলতে যাচ্ছেন জেমস অ্যান্ডারসন। তার মানে তার দায়িত্ব পেয়েছেন তিনি দীর্ঘ সময়ের জন্য। ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসার পরই দলের সঙ্গে কাজ করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিংবদন্তি এ পেসার। 

তবে এবার ইংল্যান্ডের সঙ্গে থাকছেন একেবারে ভিন্ন এক ভূমিকায়। ইসিবি দলের বোলিং মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে তাকে। নতুন দায়িত্ব পেয়ে দলের নতুন প্রতিভাবান পেসারদের গড়ে তুলবেন ভবিষ্যতের জন্য।

এখন এ ডানহাতি পেসার দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্টে কাজ করবেন। টেস্ট সিরিজ শেষে তিনি এই দায়িত্বে থাকবেন কি না, তা অবশ্য স্পষ্ট করে জানায়নি ইসিবি।সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলা হবে ট্রেন্টব্রিজে। আজ বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে মাঠে গড়াবে টেস্ট ম্যাচটি। 

এই দ্বিতীয় টেস্ট থেকেই নতুন ভূমিকায় দেখা যাবে অ্যান্ডারসনকে। দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড দলে ইতিমধ্যেই জিমির বদলি হিসেবে জায়গা করে নিয়েছেন মার্ক উড। প্রথম টেস্টে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছে গাস অ্যাটকিনসনের। বল হাতে দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। শিকার করেছেন ১২ উইকেট। গাস অ্যাটকিনসনের মতো নবীনদেরকে পথ প্রদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে জিমিকে।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠ কাঁপিয়ে বেড়িয়েছেন। লাল বলের সংস্করণে ইংল্যান্ডের হয়ে ১৮৮ ম্যাচ খেলে বর্ণিল ক্যারিয়ারকে গুডবাই জানিয়েছেন কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারী পেসার হিসেবে তিনি অবসর নিয়েছেন। 

৪১ বছরের অ্যান্ডারসন নিজের ক্যারিয়ারের শেষ টেস্টে নিয়েছেন চারটি উইকেট। এতে সবমিলিয়ে তার শিকার ৭০৪ টি উইকেট। সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় সবার ওপরে রয়েছেন মুত্তিয়া মুরালিধরন। তার নামের পাশে রয়েছে ৮০০ উইকেট। দ্বিতীয় স্থানে আছেন শেন ওয়ার্ন। তালিকার তৃতীয় বোলার অ্যান্ডারসন। ভারতের অনিল কুম্বলে আছেন চারে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা