প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪ ১২:২৯ পিএম
কোটা সংস্কারের দাবিতে উত্তাল এখন পুরো দেশ। যার শুরুটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ক্রমেই সেটি ছড়িয়ে পড়েছে সারা দেশে। সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আন্দোলন করছেন বিভিন্ন কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। সঠিক ও সুষ্ঠ সমাধানের জন্য সরকারের কাছে অনুরোধও করেছেন তারা। এবার কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বলেছেন আর্চার রোমান সানা। তার মতে কেবল কোটায় নয়, পুরো দেশেই সংস্কারের প্রয়োজন রয়েছে।
কিছুদিন আগে জাতীয় দল থেকে আচমকাই অবসর নিয়েছিলেন রোমান। পরে অবশ্য ফিরেও এসেছেন। অংশ নিয়েছিলেন জাতীয় আর্চারিতে। তবে সাম্প্রতিক সময়ে দেশের শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সামাজিকমাধ্যমে লিখেছেন, ‘শুধু কোটা নয়; গোটা দেশটাই সংস্কারের প্রয়োজন!’
কোটা আন্দোলনের বিষয়টি গত কয়েক দিনে মারাত্মক আকার ধারণ করেছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের দমন করতে ছাত্রলীগ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা মাঠে নামার পর সহিংসতায় পৌঁছেছে। এরমধ্যেই দেশের বিভিন্ন স্থানে মারা গিয়েছেন অন্তত ছয় জন। আহত হয়েছে পাঁচ শতাধিক। ফলে পুরো বিষয়টি নিয়ে উদ্বিগ্ন দেশের সাধারণ জনগণ।