× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টিনার লক্ষ্য এখন অলিম্পিকে সোনা জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জুলাই ২০২৪ ১১:৩৬ এএম

আপডেট : ১৭ জুলাই ২০২৪ ১১:৩৭ এএম

আর্জেন্টিনার লক্ষ্য এখন অলিম্পিক স্বর্ণ

আর্জেন্টিনার লক্ষ্য এখন অলিম্পিক স্বর্ণ

গেল এক মাস ইউরো চ্যাম্পিয়নশিপ আর কোপা আমেরিকার ফুটবল নিয়ে বুঁদ হয়েছিল সারা বিশ্ব। স্পেন ও আর্জেন্টিনার শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে দুই মহাদেশের দুটি আসর। ক’দিন পরই শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিক গেমস। সেখানেও থাকছে আর্জেন্টিনা, স্পেন। ২৪ জুলাই থেকে শুরু হবে প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্ট।

কাতার বিশ্বকাপ, ফিনালিসিমা জয় এরপর কোপা জয়; আর্জেন্টিনার সামনে এখন অলিম্পিক স্বর্ণ জিতে তিন বড় আসর জয়ের অনন্য সুযোগ। ২০০৪ ও ২০০৮-এর স্বর্ণজয়ী দলটিতে এবার বিশ্বকাপজয়ী ৪ ফুটবলার আছেন। ২২ সদস্যের দলে থাকা সেই চার ফুটবলার হলেন গোলকিপার জেরোনিমো রুলি, ডিফেন্ডার নিকোলাস ওটামেন্দি, ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদা। প্রথম তিনজন সুযোগ পেয়েছেন সিনিয়র সদস্য হিসেবে। আর আলমাদার বয়স ২৩।

গ্রীষ্মকালীন অলিম্পিক ফুটবলের সবচেয়ে পুরনো প্রতিযোগিতা। ১৯০০ সালের অলিম্পিক থেকে হয়ে আসছে এই প্রতিযোগিতা। ১৮৯৬ এবং ১৯৩২ গেমস বাদে বাকি সব আসরেই হয়েছে পুরুষ ফুটবল ইভেন্ট। ১৯৩২ অলিম্পিকে ফুটবল ইভেন্ট অলিম্পিকে রাখা হয়নি ১৯৩০ সালে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপকে অধিকতর প্রচারের কৌশল হিসেবে। অলিম্পিক ফুটবলে পুরুষ বিভাগে সবচেয়ে সফল দুটি দেশ হলো হাঙ্গেরি (১৯৫২, ১৯৬৪ ও ১৯৬৮) এবং গ্রেট ব্রিটেন (১৯০০, ১৯০৮ ও ১৯১২)। তিনটি করে স্বর্ণপদক আছে তাদের। আর্জেন্টিনা ও ব্রাজিল অলিম্পিক ফুটবলে দুবার করে পেয়েছে স্বর্ণপদক।

এর আগে ১৯৮৮ অলিম্পিক পর্যন্ত মূল জাতীয় দলটাই অংশ নিত ফুটবল ইভেন্টে। ১৯৯২ থেকে ফুটবলে বয়সের সীমা বেঁধে দেওয়া হয়। সেই থেকে বিভিন্ন দেশের অনূর্ধ্ব-২৩ দল খেলে আসছে অলিম্পিক ফুটবল। তবে তিনজন ফুটবলার ২৩ বছরের ঊর্ধ্বে থাকতে পারেন অলিম্পিকের দলে। অলিম্পিকের ফুটবলে পুরুষ বিভাগে খেলবে ১৬ দেশ এবং নারী বিভাগে ১২ দেশ। দুই বিভাগেই যোগ্যতা অর্জন করা দেশগুলো হলো জাপান, নিউজিল্যান্ড, স্পেন ও যুক্তরাষ্ট্র। 

অলিম্পিকে পুরুষ ফুটবলে স্বাগতিক ফ্রান্স এবার ‘এ’ গ্রুপে খেলবে। সেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও গিনি। ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে আছে মরক্কো, ইউক্রেন ও ইরাক। গত আসরের চ্যাম্পিয়ন ব্রাজিল এবার কোয়ালিফাই করতে পারেনি। বাছাইয়ে আর্জেন্টিনার কাছে হেরে মূলপর্বে ওঠা হয়নি। তবে আরেক ফাইনালিস্ট স্পেন আছে ‘সি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ মিসর, ডমিনিকান প্রজাতন্ত্র ও উজবেকিস্তান। ‘ডি’ গ্রুপে প্যারাগুয়ের সঙ্গে রয়েছে মালি, ইসরায়েল ও জাপান। প্রতিটি গ্রুপের সেরা দুই দল খেলবে কোয়ার্টার ফাইনালে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা