প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ২০:৪৯ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪ ২০:৫০ পিএম
পাকিস্তান সফর নিয়ে আশাবাদী টাইগার দলপতি— সংগৃহীত ছবি
সবশেষ টেস্ট সিরিজটি ভালো যায়নি বাংলাদেশের। লাল বলের ক্রিকেটে তবে খারাপ যায়নি বছরটি। ২০২৩ সাল থেকে এখন অবধি ছয় ম্যাচে তিন জয়, তিন হার। আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে ছাড়াও নাজমুল হোসেন শান্তর দল হারিয়েছে নিউজিল্যান্ডকে। টাইগারদের সাম্প্রতিক ফর্ম যদিও খুব একটা স্বস্তির নয়— এ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে হতে হয়েছে হোয়াইটওয়াশ, টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিল অস্বস্তি। বাংলাদেশের অধিনায়ক তবুও পাকিস্তান সফর নিয়ে প্রত্যয়ী, সাদা বলে সময় খারাপ গেলেও সেটির প্রভাব টেস্টে পড়বে না বলে বিশ্বাস শান্তর। টাইগার ব্রিগেডের সেই বিশ্বাস জোগাচ্ছে প্রস্তুতি, নিজেদের শক্তি এবং অভিজ্ঞতা।
সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠান শেষে শান্ত শুনিয়েছেন নিজেদের পরিকল্পনা, কথা বলেছেন ঘাটতি এবং পাকিস্তান সিরিজে নিজেদের চাওয়া নিয়ে। আগস্টে পাকিস্তানের মাটিতে দুই টেস্টের সিরিজে আশাবাদী টাইগার ক্যাপ্টেন, ‘যদি অভিজ্ঞতাটা দেখাতে পারি এবং আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি, অবশ্যই সিরিজটা ভালো হবে।’ শান্ত তবে সেই ভালোটা কতটা ভালো হবে, তা বলেননি। এমনকি পাকিস্তানের তারকা পেসারদের বিপক্ষে নিজেদের ব্যাটিং প্ল্যানও রেখেছেন গোপন।
সাদা পোশাকে ভালো গেলেও, রঙিন পোশাকে শেষ দেড় বছরে খুব একটা ভালো যায়নি বাংলাদেশের। এশিয়া কাপে ব্যর্থতার পর টাইগাররা সমালোচনার শিকার হয়েছে বিশ্বকাপেও। এই সফরের আগে পুরোনো সেসব কথা ভাবতে চান না শান্ত। অতীত কিংবা ভবিষ্যতের চেয়ে বর্তমানেই বেশি মনযোগী টাইগার দলপতি, ‘শুধুমাত্র কোনো টুর্নামেন্ট বা সিরিজ ভালো অথবা খারাপের ক্ষেত্রে না। খারাপ হলেও আমাদের সামনের দিকে যেতে হবে। ভালো হলেও ওটা নিয়ে খুব বেশি চিন্তা করে যাওয়ার দরকার আছে, সেটাও না। আমার মনে হয় বর্তমানে থাকাটা গুরুত্বপূর্ণ। সামনে আমাদের কোন সিরিজটা আছে। এটা ভিন্ন ফরম্যাট। এখানে নতুন কিছু খেলোয়াড় আসবে, যারা টি-টোয়েন্টিতে ছিলেন না। অবশ্যই যারা আসবেন তারা বেশ আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তান সিরিজের জন্য।’

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু হবে সাদা বলের লড়াই। শান মাসুদদের বিপক্ষে সফরের সবশেষ টেস্ট ৩০ আগস্ট শুরু হবে করাচিতে। তার আগে ঘরের মাঠে প্রস্তুতি ম্যাচ খেলবে দলের সদস্যরা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটিতে শান্তর লক্ষ্য ভালো একটা প্রস্তুতি নিয়ে দারুণ শুরুর, ‘এই সিরিজটা সুন্দরভাবে শুরু করা। আমরা শেষ টেস্ট সিরিজটা শ্রীলঙ্কার সঙ্গে শেষ করলাম। অনেক দিন পর আবার একটা টেস্ট সিরিজ সামনে। এই সিরিজের আগে একটা ভালো সময় সবাই পাচ্ছে প্রস্তুতির জন্য। আশা করছি ভালোই হবে।’
এই ফরম্যাটে আমাদের বেশ কিছু অভিজ্ঞ প্লেয়ার আছে। যদি আমি নাম বলি, মুশফিক (মুশফিকুর রহিম) ভাই, মুমিনুল (হক) ভাই তো আরও বেশ কিছু প্লেয়ার আছে। যদি আমাদের সেই অভিজ্ঞতাটা দেখাতে পারি এবং আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি অবশ্যই এই সিরিজটা ভালো হবে।
পাকিস্তানের সর্বশেষ সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স যদিও ভালো ছিল না। ২০২০ সালের সফরে রাওয়ালপিন্ডি টেস্টে টাইগাররা হেরেছিল ইনিংস ব্যবধানে। শক্তি-সামর্থ্যে পাকিস্তান সাদা পোশাকে বেশ এগিয়ে। গতি আর সুইংয়ে ব্যাটারদের নাকাল করতে তাদের আছে বেশ কয়েকজন পেসার। শান্ত তবে ওসব নিয়ে ভাবছেন না, ব্যাটিংয়ে তাদের প্ল্যানও জানাননি। পাকিস্তান মুলুকে পাঁচ বছর পর আরও একটি সিরিজ যখন সামনে, তখন অভিজ্ঞতাকেই সামনে রেখেছেন শান্ত, ‘ব্যাটিং প্ল্যানিংটা না বলি। ব্যাটিং প্ল্যানিংটা আমাদের মধ্যেই থাক। আমার মনে হয় যে এটা অবশ্যই চ্যালেঞ্জিং হবে। তারা খুবই ভালো দল। কিন্তু আমার মনে হয়, এই ফরম্যাটে আমাদের বেশ কিছু অভিজ্ঞ প্লেয়ার আছে। যদি আমি নাম বলি, মুশফিক (মুশফিকুর রহিম) ভাই, মুমিনুল (হক) ভাই তো আরও বেশ কিছু প্লেয়ার আছে। যদি আমাদের সেই অভিজ্ঞতাটা দেখাতে পারি এবং আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি অবশ্যই এই সিরিজটা ভালো হবে।’
শান্তর বিশ্বাস এবারের দলটি আগের চেয়ে কঠিনই হবে। মূলত টেস্ট খেলার মধ্যে থাকা খেলোয়াড়দের নিয়েই পরিকল্পনা সাজাতে চাইছেন ক্যাপ্টেন। এমন পরিকল্পনায় সাদা বলে দুর্দান্ত করা রিশাদ হোসেনকেও রাখছেন না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিশাদের টেস্ট খেলার ব্যাপারে কৌশলী শান্ত বলেছেন, ‘এটা আমার মনে হয় নির্বাচককে জিজ্ঞেস করলে আরও ভালো হবে। আমার মনে হয় না এই মুহূর্তে লাল বলের জন্য ও (রিশাদ) পুরোপুরি প্রস্তুত।’ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ, টি-টোয়েন্টি বিশ্বকাপ— সব জায়গায় দাপুটে পারফর্ম করেছেন রিশাদ। লেগ স্পিনার নিয়ে হাহাকারের সময় এমন একটি খেলোয়াড় উঠে আসায় কোচদের কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক। তবে ঢালাওভাবে সাবেক স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকে কৃতিত্ব দিতে নারাজ শান্ত। তার মতে রিশাদের উত্থানে দেশি কোচদের অবদানও অনস্বীকার্য।
শান্তর ভাবনায় এখন দুটি টেস্ট। পাঁচ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে যাওয়া বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে ভাগ্য ফেরাতে পারবে কি না, সময় দেবে উত্তর।