প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ১৭:৫৮ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪ ১৮:০৫ পিএম
ইংল্যান্ডকে বিদায় বললেন সাউথগেট
ইউরো হারের রেশ দুই দিনও কাটেনি। এরই মধ্যে ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন গ্যারেথ সাউথগেট। ইউরোতে ব্যর্থতার দায় নিয়েই ইংল্যান্ডের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন তিনি।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে সাউথগেট বলেছেন, ‘বার্লিনে স্পেনের বিপক্ষে রোববারের ফাইনালটি ছিল ইংল্যান্ড কোচ হিসেবে আমার শেষ ম্যাচ। আমি একজন গর্বিত ইংরেজ। ইংল্যান্ডের হয়ে খেলা এবং থ্রি লায়ন্সদের কোচ হওয়া আমার সারা জীবনের সম্মান। এটা ছিল আমার কাছে সবকিছু। আমিও সর্বস্ব নিংড়ে দিয়েছি। তবে এখনই সময় পরিবর্তনের। নতুন অধ্যায় শুরু করার।’
চলতি বছরের শেষে এমনিতেই ইংল্যান্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতো ৫৩ বছর বয়সী সাউথগেটের। হ্যারি কেইনদের প্রায় ৮ বছর শিক্ষা দিয়েছেন তিনি। তার অধীনে ১০২ ম্যাচ এবং চারটি বড় টুর্নামেন্টে খেলেছে ইংল্যান্ড। ইংলিশদের টানা দুবার ইউরোর ফাইনালেও তুলেছেন তিনি। দেশের জার্সিতে ৫৭ ম্যাচ খেলা সাবেক এই ডিফেন্ডার ২০১৬ সালে যখন থ্রি লায়ন্সদের কোচের দায়িত্ব নেন তখন জাতীয় দলের অবস্থা ছিল শোচনীয়। সেখান থেকেই ব্যাপক পরির্বতন আনেন সাউথগেট। ইংল্যান্ড তাদের ফুটবল ইতিহাসে তিনটি বড় টুর্নামেন্টের সেমিফাইনালে খেলেছে এবং ’৬৬ বিশ্বকাপের ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছে। আর সাউথগেট কোচ হয়ে আসার পর ইংল্যান্ড দুটি বিশ্বকাপে শেষ আটে উঠেছে এবং দুবার ইউরোর শিরোপা লড়াইয়ে অবতীর্ণ হয়েছে।
সদ্য শেষ হওয়া ইউরোর শুরুতে ইংল্যান্ড ও সাউথগেটকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল। কিন্তু কেইনদের ফাইনালে ওঠার পর সব সমালোচনা উবে যায়। ইংল্যান্ডকে ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে সাউথগেট বলেছেন, ‘আমাদের সমর্থক বিশ্বের সেরা। তাদের সমর্থন আমার কাছে সবকিছু। আমি সব সময় ইংল্যান্ডের সমর্থকই থাকব। ’