প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ২০:০০ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪ ২০:২৫ পিএম
দেশের হয়ে বিশ্বকাপ জেতা যেকোনো অ্যাথলেটেরই স্বপ্ন। জার্মানির হয়ে সেই সোনালি ট্রফির ছোঁয়া পেয়েছেন থমাস মুলার। ব্যক্তিগত অর্জনের ঝুলিতেও আছে গোল্ডেন বুট। জার্মানির সোনালি প্রজন্মের এ তারকা দেশের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড। মুলার বলেন, ‘জাতীয় দলের হয়ে ১৩১ ম্যাচে ৪৫ গোল করার পর আমি বিদায় জানাচ্ছি।’
২০১০ সালে অভিষিক্ত মুলার ১৪ বছরের ক্যারিয়ারে জার্মানির হয়ে খেলেছেন তৃতীয় সর্বোচ্চ ম্যাচ। লোথার ম্যাথাউস (১৫০) ও মিরোস্লাভ ক্লোসাই (১৩৭) তার চেয়ে বেশি খেলেছেন। ২০১০ বিশ্বকাপে ৫ গোল ও ৩ অ্যাসিস্ট করে জিতেছিলেন গোল্ডেন বুটের পুরস্কার। পরের বিশ্বকাপে ৫ গোল ও ৩ অ্যাসিস্ট করে দেশের হয়ে বিশ্বজয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
বিদায়বেলায় আবেগাপ্লুত মুলার বলেন,
‘১৪ বছর আগে জার্মান জাতীয় দলের সঙ্গে যখন আমি প্রথম ম্যাচ খেলি, তখন আমি এসবের স্বপ্নও
দেখিনি। দুর্দান্ত কিছু জয় এবং তিক্ত হার। চমৎকার সব সতীর্থদের নিয়ে সেরাদের বিপক্ষে
লড়েছি, তাদের সঙ্গে আমার কিছু অবিস্মরণীয় মুহূর্ত আছে। মাঠে তোমাদের ভালোবাসা পেয়েছি,
যে কারণে দেশের হয়ে খেলতে সব সময় গর্ববোধ করেছি। আমরা একসঙ্গে উদযাপন করেছি এবং মাঝে মধ্যে
একসঙ্গে কেঁদেছি। আমি জাতীয় দলের ভক্ত ও সতীর্থদের সবাইকে ধন্যবাদ জানাই।’