প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ১৬:৪৫ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪ ১৭:২৪ পিএম
বিশ্ব দাবা সংস্থায় অনুশীলনের আমন্ত্রণ পেয়েও জটিলতায় যেতে পারেননি বাংলাদেশের উদীয়মান দাবাড়ু ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ। জাতীয় জুনিয়র ও একটি আন্তর্জাতিক রেটিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন সাকলাইন। এবার তার সাফল্যের ঝুলিতে জুটল আরও একটি পদক। শ্রীলঙ্কার কলম্বোতে চলমান ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। সেনা জেতার সঙ্গে ফিদে মাস্টার টাইটেলও জুটল সাকলাইনের।
অনূর্ধ্ব-১৪ গ্রুপে লড়েছেন সাকলাইন। নয় রাউন্ড শেষে সাত পয়েন্ট নিয়ে এককভাবে সবার শীর্ষে থেকে প্রতিযোগিতা শেষ করেন এই দাবাড়ু। টুর্নামেন্টের শুরু থেকেই এককভাবে সবার ওপরে ছিলেন সাকলাইন। সোমবার শেষ রাউন্ডে কেবল ড্র হলেই হতো; কাজাখস্তানের দাবাড়ুর সঙ্গে প্রত্যাশিত ড্র করে শিরোপা নিশ্চিত করেন সাকলাইন।
বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাহী সদস্য মাহমুদা মলি। এ ছাড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম বলেন, ‘এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে ক্যান্ডিডেট মাস্টার ফিদে মাস্টারে উন্নীত হবেন।’ নিয়মানুযায়ী দাবায় ক্যান্ডিডেট মাস্টার দিয়ে টাইটেল শুরু। এরপর ফিদে মাস্টার, আন্তর্জাতিক মাস্টার ও গ্র্যান্ডমাস্টার।
শ্রীলঙ্কায় ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে জাতীয় দাবা চ্যাম্পিয়ন মনন রেজা খেলছেন অ-১৮ গ্রুপে। তারও পজিশন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মাহমুদা মলি। তবে এই দাবাড়ুর গ্রুপে একটু হিসাব-নিকাশ রয়েছে। মননের জয়-ড্রয়ের পাশাপাশি অন্যদের জয়-পরাজয়ের ব্যাপার রয়েছে।