কোপা আমেরিকা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ১৪:১০ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪ ১৭:১৫ পিএম
সেরার পুরস্কার যাদের হাতে— লৌতারো, এমি এবং রদ্রিগেজ— সংগৃহীত ছবি
কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার ত্রাতা হয়েছিলেন লাওতারো মার্তিনেজ। তার একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬তম শিরোপা জেতে আর্জেন্টিনা। স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের সেরার দৌড়ে আর্জেন্টাইনরাই এগিয়ে।
এবারের আসরে মোট পাঁচ গোল করে সর্বাধিক গোলদাতা হয়েছেন লাওতারো। ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে দেওয়া এমিলিয়ানো মার্তিনেজ হয়েছেন এবারের আসরের সেরা গোলরক্ষক। অন্যদিকে আসর জুড়ে দারুণ ফুটবল উপহার দিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কলম্বিয়ার মিডফিল্ডার হামেস রদ্রিগেজ।
সদ্য সমাপ্ত কোপায় সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেন এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্টাইন এই তারকা আসরে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে জিতিয়েছেন টাইব্রেকার। ফাইনালে চাপের মুখে দিয়েছেন একের পর এক সেভ। পুরো আসর মিলিয়ে কোয়ার্টার ফাইনালে কেবল এক ম্যাচেই গোল হজম করেছেন তিনি। গত কোপা আমেরিকা এবং বিশ্বকাপেও তিনিই ছিলেন সেরা গোলরক্ষক।
আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে নিয়েছেন কলম্বিয়ার হামেস রদ্রিগেজ। আসরে ৬ অ্যাসিস্ট করেছেন। ভেঙেছেন লিওনেল মেসির এক আসরে ৫ অ্যাসিস্ট করার রেকর্ড। করেছেন ১ গোলও। ৩৩ বছর বয়সী এই তারকার দল হারলেও ব্যক্তিগত পুরস্কার ঠিকই নিজের করে নিয়েছেন।