কোপা আমেরিকা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ১৩:৪৫ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪ ১৪:০০ পিএম
আর্জেন্টিনার 'সোনালি যুগ' গোড়াপত্তনের অন্যতম মাস্টারমাইন্ড আনহেল ডি মারিয়া। লিওলেন মেসির নেতৃত্বে যে দলটা টানা চারটি মেজর টুর্নামেন্ট জিতেছে তার ফ্রন্টলাইনার সোলজার নম্বর এলেভেন। তাকে আলবেসেলেস্তাদের ইতিহাসের অন্যতম সেরা ফরোয়ার্ড বললেও কম হবে। কারণ, আকাশী-নীলদের বড় সব শিরোপার ফিনিশিং টাচ হয়েছে তার জাদুকরি পায়ের স্পর্শে। সেই আনসাং হিরো আজ সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন, তাও কোপা আমেরিকার মতো বড় টুর্নামেন্টের মঞ্চ থেকে। বিদায়বেলায় আবেগাপ্লুত ছিলেন ডি মারিয়া। তবে দেশের জার্সিতে ১৪৫ ম্যাচ খেলা তারকা নিজের শেষটা এমনই চেয়েছিলেন। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচ শেষে বলেছেন, ‘এটি (শিরোপা জয়) আগেই লিখা হয়েছিল এবং আমি এমনটাই চেয়েছিলাম। এমন মুহূর্ত পাওয়া স্বপ্নের। সেটি সতীর্থদেরও বলেছি। আমার মাঝে অনেক সুন্দর অনুভূতি কাজ করছে।’
খেরোখাতায় ইতিহাস লেখার দিনে ৬৬ মিনিটে অ্যাঙ্কলের ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন মেসি। ম্যাচের শেষ পর্যন্ত বন্ধুকে না পেয়ে আক্ষেপ শোনা গেল ডি মারিয়ার কণ্ঠে, ‘আমি খুশি নই, কারণ সে (মেসি) এভাবে মাঠ ছেড়েছে। ডানপায়ের অ্যাঙ্কলে চোট পেয়েছে সে। তবে জয় পেয়েছি এবং এটাই মেসির জন্য আনন্দের। এটি সত্যিই দারুণ এক রাত।'