কোপা ফাইনাল
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ১০:১১ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪ ১৩:০৫ পিএম
আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন লাওতারো—সংগৃহীত ছবি
ফ্লোরিডার মিয়ামিতে প্রথমার্ধে ফল আসেনি, মূল সময়েও জালের দেখা পায়নি কেউ। আর্জেন্টিনার আক্রমণের জবাবে কলম্বিয়ার পাল্টা আক্রমণ রক্ষণভাগেই ঠেকে গেছে। অতিরিক্ত সময় গড়িয়ে খেলা যখন টাইব্রেকারের পথে, তখন আর্জেন্টাইনদের ত্রাতা হন লাওতারো মার্তিনেজ। তার ১১২ মিনিটের গোলেই টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জিতে নেয় লিওনেল মেসিদের দল।
কোপা আমেরিকার ফাইনালে মূল সময় শেষেও পরিসংখানে বিশ্বচ্যাম্পিয়ন ও বর্তমান কোপা চ্যাম্পিয়নদের মতো খেলতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচে বল দখল, আক্রমণ ও লক্ষ্যে শট নেওয়ায় এগিয়ে থাকে কলম্বিয়া। তবে গোলশূন্য টাইব্রেকারে গড়াতে চাওয়া ম্যাচটির পরিধি কমিয়ে দেয় আর্জেন্টিনা। লাওতারোর সেই একমাত্র গোলেই হয় ট্রফির ফয়সালা।
এদিন হার্ড রক স্টেডিয়ামে টিকিট ছাড়াই দর্শকদের মাঠে ঢুকে পড়ার কারণে সময়মতো খেলা শুরু করতে পারেনি আয়োজকরা। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দর্শকদের নিয়ন্ত্রণে আনতে পারে তারা। অবশেষে সকাল ৬টায় শুরু হওয়ার কথা থাকলেও ম্যাচটি শুরু হয় ৭টা ২৫ মিনিটে।

ম্যাচে শুরুতেই আক্রমণে যায় আর্জেন্টিনা। প্রথম মিনিটে গঞ্জেলো মনটিয়েলের ক্রস থেকে হুলিয়ান আলভারেজের হেড গোলবারের বাঁ পাশ মিস করে বাইরে দিয়ে চলে যায়। এরপর ৫ মিনিটে লুইস দিয়াজ ও ১৩ মিনিট কার্লোস কুয়েস্টা কলম্বিয়ার হয়ে দুটি আক্রমণ করেন।
ম্যাচের ৪০ মিনিটে রড্রিগেজের ক্রস থেকে হেড নেন কলম্বিয়ার জন অ্যারিয়াস। তবে ডান পাশ দিয়ে বল চলে যায়। ৪২ মিনিটে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। সেখান থেকে কিক নেন মেসি। ডি-বক্সের ভেতর আর্জেন্টিনার নিকোলাস ত্যাগলিয়াফিকোর হেড চলে যায় গোলবারের ওপর দিয়ে। অবশেষে গোল না করেই বিরতিতে যেতে হয় দুই দলকে।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় কলম্বিয়া। কিন্তু জালের দেখা পায়নি রদ্রিগেজরা। ৬৪ মিনিটে ইনজুরিতে পড়েন লিওনেল মেসি। দৌড়াতে গিয়ে ইনজুরড্ হন। মাঠে শুশ্রূষা নিলেও পরে চোটের কাছে হার মানতে হয়। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানেই আর্জেন্টিনার ত্রাতা হন লাওতারো।
২০২১ সালে কোপা আমেরিকা জিতে ৩৫ বছরের আন্তর্জাতিক শিরোপা খরা ঘুচিয়েছিল আর্জেন্টিনা। তার পর থেকে প্রাপ্তির খাতায় কেবল যুক্ত হয়েছে একেকটি সাফল্য। ২০২২ সালে কাতার বিশ্বকাপে হয়েছে চ্যাম্পিয়ন, তার আগে ইউরোপের চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে জিতেছিল ফিনালিসসিমা। আর এবার ধরে রাখল কোপা আমেরিকার শ্রেষ্ঠত্ব। উরুগুয়েকে পেছনে ফেলে এখন লাতিন ফুটবলে রেকর্ড ১৬তম ট্রফি জিতল আলবিসেলেস্তেরা।