প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ২১:১৩ পিএম
জিম্বাবুয়ে সফরের প্রথম ম্যাচেই হেরে বসেছিল। এরপর বেশ দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। টানা তিন ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা। যশস্বী জসওয়াল ও অধিনায়ক শুভমান গিলের ব্যাটে চড়ে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়েছে ম্যান ইন ব্লুজরা।
শনিবার (১৩ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করে অধিনায়ক সিকান্দার রাজার ৪৬ এবং ওপেনার মারুমানির ৩২ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান তোলে জিম্বাবুয়ে। জবাবে দুই ওপেনারের জোড়া ফিফটিতে ১৫.২ ওভারে সহজ জয় পায় ভারত।
এদিন টস জিতে জিম্বাবুয়েকে আগে ব্যাট করতে পাঠান ভারতের অধিনায়ক গিল। ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৩ রান তুলে ভালো শুরু পায় জিম্বাবুয়ে। মারুমানিকে ফিরিয়ে জুটি ভাঙেন অভিষেক শর্মা। ৩১ বলে ৩২ রান করেন মারুমানি। এরপর শিবম দুবের শিকার হয়ে ফেরেন ওয়েসলি মাধেভারে। ২৪ বলে ৪টি চারের সাহায্যে ২৫ রান করেন তিনি।
এরপর ইনিংস বড় হয়নি ব্রায়ান বেনেট (৯) ও জোনাথন ক্যাম্পবেলের (৩)। একাকী লড়াই করেছেন অধিনায়ক সিকান্দার রাজা। ডিওন মায়ার্সকে সাথে নিয়ে মাত্র ২৪ বলে ৪৫ রানের জুটি গড়েন তিনি। যার সিংহভাগ রানই রাজার নিজের। ১৯তম ওভারে তুষার দেশপান্ডের শিকার হওয়ার আগে ২৮ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৪৫ রান করেন রাজা। মায়ার্স ১৩ বলে করেন মাত্র ১২ রান, তাতে জিম্বাবুয়ে থামে ৭ উইকেটে ১৫২ রানে।
জবাব দিতে নেমে উড়ন্ত শুরু পায় ভারত। ইনিংসের প্রথম থেকেই মারমুখী ব্যাটিং করতে থাকেন যশস্বী জসওয়াল। এই রানের ফোয়ারা ছুটেছে পুরো ইনিংসজুড়ে। গিল অবশ্য কিছুটা রয়েসয়ে ব্যাট করেছেন। তবুও পাওয়ার প্লেতেই ৬১ রান তোলেন তারা। উইকেটের চারপাশে দারুণ সব শট খেলছেন তারা দুইজন।
৭ম ওভারে ব্যক্তিগত ২৯ বলে ফিফটি তুলে নেন জসওয়াল। এরপর জসওয়াল এগিয়েছেন, তাকে সঙ্গ দিয়েছেন অধিনায়ক শুভমান গিল। ফারাজ আকরামের করা ইনিংসের ১০ম ওভারে ১৯ রান তোলেন ভারতের দুই ওপেনার। ১৫তম ওভারে ব্যক্তিগত ৩৫ রানে ফিফটির দেখা পান গিল। শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন তারা। গিল অপরাজিত ছিলেন ৩৯ বলে ৫৮ রান করে এবং জসওয়াল অপরাজিত ছিলেন ৫৩ বলে ৯৩ রান করে।
১০ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করেছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে শুবমান গিলের দল।