প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ১২:৩৯ পিএম
জেসমিন পাওলিনি ও বারবোরা ক্রেজসিকোভা
গ্র্যান্ড স্ল্যামে ডোনা ভেকিচের দৌড় ছিল এতদিন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে থেমে যান ঠিক এখানে এসেই। তার আগে ২০১৯ সালে ইউএস ওপেনের কোয়ার্টারে কাটা পড়েন ক্রোয়েশিয়ান এ সুন্দরী। দুর্ভাগ্য যেন সেরা আটেই আটকে ছিল তার। অবশেষে এবারের উইম্বলডনে সেই দুর্ভাগ্য ঝেঁটিয়ে বিদায় করেছিলেন ভেকিচ। স্বপ্ন গড়েছিলেন প্রথমবারের মতো মেজর আসরের ফাইনালে খেলার।
কিন্তু ভাগ্যটা সহায় হলো না। উইম্বলডনের সেমিফাইনালেই থামতে হলো তাকে। ভেকিচের স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে নাম লিখেছেন জেসমিন পাওলিনি। শেষ চারের রোমাঞ্চকর লড়াই শেষে তাই আর আবেগটা ধরে রাখতে পারেননি। ফাইনালে উঠতে ব্যর্থ হয়ে চোখের জলে নিজের মনের কোণে জমানো কষ্টটা হালকাই যেন করলেন ভেকিচ।
কিন্তু কোর্টের বিপরীত প্রান্তে ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র! ভেকিচের দুঃখের দিনে খুশির বন্যায় যেন ভেসেছেন পাওলিনি। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠার সময়ই এখন তার। গত বছর পর্যন্ত কোনো গ্র্যান্ড স্ল্যাম আসরে দ্বিতীয় রাউন্ডের বৈতরণীও পেরিয়ে যেতে পারেননি কখনও। সেই পাওলিনি এ বছর চমক দেখিয়ে যাচ্ছেন রীতিমতো। নতুন বছরে নিজেকে অনেক পাল্টে ফেলেছেন। কঠোর পরিশ্রম, ইস্পাত কঠিন প্রতিজ্ঞতা, অধ্যবসায় আর দৃঢ় নিবেদনে উঠে গেছেন কোর্টের পারফরম্যান্সের উন্নতির শিখরে।
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে ২৮ বছরের এ তরুণী খেলেন চতুর্থ রাউন্ডে। ফ্রেঞ্চ ওপেনের লাল দুর্গে এসে টিকিট কাটেন ফাইনালের। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। শিরোপা নির্ধারণী ম্যাচে এসে পোলিশ তারকা ইগা শিয়াটেকের কাছে হার মেনে হৃদয় ভাঙে পাওলিনির। দুরন্ত পারফরম্যান্সের ছন্দটা ধরে রেখে এবার পাওলিনি পৌঁছে গেছেন উইম্বলডন চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
মেজর টেনিস টুর্নামেন্টের ফাইনালে উঠলেন এ নিয়ে দ্বিতীয়বারের মতো। সেই সঙ্গে প্রথম ইতালিয়ান হিসেবে বিশ্বের সবচেয়ে মর্যাদাকর টেনিস টুর্নামেন্ট উইম্বলডনের মেয়েদের এককের ফাইনালে জায়গা করে রেকর্ডও গড়লেন পাওলিনি। এবার আর ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জয়ে সুবর্ণ সুযোগটা হাতছাড়া করতে চান না।
সপ্তম বাছাই পাওলিনি ফাইনালে আজ সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবেন ২০২১ সালে ফরাসি ওপেন জয়ী বারবোরা ক্রেজসিকোভার। ৩১তম বাছাই ক্রেজসিকোভাও সেমিফাইনালের লড়াইয়ে শুরুর সেটে ৩-৬ গেমে হেরে পিছিয়ে পড়েছিলেন। শেষে ঘুরে দাঁড়িয়ে ৬-৩ ও ৬-৪ গেমে জিতে ফাইনালে নিজের নাম বুকিং দেন চেক প্রজাতন্ত্রের এ তারকা। সেরা চারের লড়াইয়ে হারিয়ে দেন ২০২২ উইম্বলডন চ্যাম্পিয়ন এলেনা রাইবাকিনাকে।
ফাইনালে ওঠার আগে টেনিস দুনিয়ার তামাম অনুরাগীদের চমকে দেন পাওলিনি। অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের এ আসরের অন্যতম সেরা এক ম্যাচই যে উপহার দিয়েছেন এ তারকা। দুটি ম্যাচ পয়েন্ট খুইয়ে ফেলেছিলেন পাওলিনি। ১০ পয়েন্টের টাইব্রেকে পিছিয়ে ছিলেন ৮-৭ ব্যবধানে। সেখান থেকেই প্রত্যাবর্তনের দারুণ এক গল্প লিখে অবিশ্বাস্য এক জয়ই ছিনিয়ে নেন র্যাঙ্কিংয়ের এ সপ্তম খেলোয়াড়।
ম্যারাথন ধাঁচের ম্যাচটি জেতে ২ ঘণ্টা ৫১ মিনিটের লড়াই শেষে। উইম্বলডনের ইতিহাসে মেয়েদের এককের সবচেয়ে দীর্ঘ সেমিফাইনালের রেকর্ড গড়েছে এই ম্যাচ। অথচ প্রথম সেট ৬-২ গেমে জিতে লিড নিয়েছিলেন ভেকিচই। কিন্তু দ্বিতীয় সেট ৬-৪ গেমে জিতে সমতায় ফেরেন পাওলিনি। তৃতীয় ও শেষ সেটে চলে হাড্ডাহাড্ডি লড়াই।
জমজমাট খেলায় ইতালিয়ান খেলোয়াড় সেটটি টাই করেন ৭-৬ গেমে। শেষে টাইব্রেকারেও চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। কেউ কাউকে যেন ছাড় দিতে চাচ্ছিল না জয় ছিনিয়ে নেওয়ার অদম্য আকাঙ্ক্ষায় মত্ত হয়ে। শেষে টাইব্রেকারে ১০-৮ গেমে জিতে ম্যাচ নিজের করে নিয়ে উল্লাসে ফেটে পড়েন পাওলিনি।