প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ১১:০৮ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪ ১১:১৭ এএম
মরনে মরকেল ও গৌতম গম্ভীর। সংগৃহীত ছবি
সদ্যই ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। এখনও রোহিত শর্মাদের সঙ্গে কাজ শুরু করেননি সাবেক ক্রিকেটার। তবে তার আগেই নিজের মতো করে সাজিয়ে নিতে চাচ্ছেন কোচিং প্যানেল। এরই ধারাবাহিকতায় বোলিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেলকে চেয়েছেন তিনি। এমনটাই জানা গেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের সূত্রে।
এ ছাড়া ক্রিকেট-বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের বরাতে, মরকেলকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) অনুরোধ করেছেন গম্ভীর। জানা গেছে, বিসিসিআইও কোচের কথা রাখতে মরকেলের সঙ্গে প্রাথমিক সাক্ষাৎ সেরেছে।
গম্ভীরের সঙ্গে মরকেলের কাজের সম্পর্কটাও দারুণ বলেই শোনা যায়। দুজনে একসঙ্গে আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে কাজ করেছেন। নিজেদের মধ্যে বোঝাপাড়াটা সেখান থেকেই ভালো হয়েছে বলে দাবি করছেন অনেকে।
সর্বশেষ আইপিএল মৌসুমে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) মেন্টর হিসেবে যোগ দেওয়ার আগে লক্ষ্ণৌয়ে মেন্টর হিসেবে দুই বছর কাজ করেছেন গম্ভীর। তখন ফ্র্যাঞ্চাইজিটির বোলিং কোচ ছিলেন প্রোটীয় পেসার। গম্ভীর দায়িত্ব ছাড়লেও লক্ষ্ণৌর নতুন কোচ জাস্টিন ল্যাঙ্গারের কোচিং প্যানেলেও বহাল আছেন দক্ষিণ আফ্রিকান এ পেসার।
ফ্রাঞ্চাইজি ক্রিকেট ছাড়াও জাতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে মরকেলের। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের পেস বোলিং কোচ ছিলেন তিনি। বিশ্বকাপ ব্যর্থতায় চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়েন এ প্রোটিয়া।