ইউরো ২০২৪
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ জুলাই ২০২৪ ২১:৩১ পিএম
ফ্রান্সিওস লেটেক্সিয়ার। সংগৃহীত ছবি
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপার লড়াইয়ে রবিবার রাতে মাঠে নামছে স্পেন ও ইংল্যান্ড। ফাইনাল ম্যাচের রেফারিদের নাম ঘোষণা করেছে আয়োজকরা। রেফারির দায়িত্ব পালন করবেন ফ্রান্সিওস লেটেক্সিয়ার। ২০১৭ সাল থেকে ফিফার ম্যাচ পরিচালনা করে আসছেন ৩৫ বছর বয়সি ফ্রান্সের এই রেফারি। ইউরোর চলতি আসরেও তিনটি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া-আলবেনিয়া ও ডেনমার্ক-সার্বিয়ার ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন লেটেক্সিয়ার। এ ছাড়া নকআউট পর্বে শেষ ষোলোয় জর্জিয়া-স্পেনের ম্যাচেও রেফারির দায়িত্বে ছিলেন তিনি।
অভিজ্ঞতার দিকে তাকালে দেখা যায়, লেটেক্সিয়ার উয়েফা সুপার কাপের ফাইনাল থেকে শুরু করে চ্যাম্পিয়নস লিগের ফাইনালও পরিচালনা করেছেন। চ্যাম্পিয়নস লিগে তিনি ছিলেন চতুর্থ রেফারি। এ ছাড়া প্যারিস অলিম্পিকে রেফারির দায়িত্ব পালনের জন্যও তাকে নির্বাচিত করা হয়েছে।
ইউরোর ফাইনালে তার সহকারী হিসেবে থাকবেন স্বদেশি সিরিল মুগনিয়ার ও মেহদি রাহমৌনি। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন পোল্যান্ডের জিমোন মার্সিনিয়াক। ভিএআর রেফারি থাকছেন ফ্রান্সের জার্ম ব্রিসার্ড।