প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ জুলাই ২০২৪ ২০:৫৭ পিএম
আগামী মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথমটি শুরু হবে ২১ আগস্ট, পরেরটি ৩০ আগস্ট করাচিতে। কিন্তু আসন্ন এই সিরিজে পাকিস্তান দলে নাও দেখা যেতে পারে দলটির প্রথম পছন্দের বোলার শাহিন শাহ আফ্রিদিকে। কোচের সঙ্গে অসদাচরণের দায়ে সিরিজ থেকে বাদ পড়তে পারেন বাঁহাতি এই পেসার।
পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ড সফরে হেডিংলিতে নেট অনুশীলনের ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের সঙ্গে কিছুটা উত্তপ্ত বাক্যবিনিময় করেন আফ্রিদি। পরে বিষয়টি নিয়ে আফ্রিদির আচরণ বদলাতে বলেন সফরে পাকিস্তানের সিনিয়র ম্যানেজারের দায়িত্বে থাকা ওয়াহাব রিয়াজ। নিজের ভুল বুঝতে পেরে ইউসুফের কাছে ক্ষমা চান আফ্রিদি।
তবে বিশ্বকাপে ভরাডুবির তদন্ত রিপোর্টে কয়েকজন ক্রিকেটার খেলায় মনোযোগী নন এবং পরিবেশ নষ্ট করেছেন বলে উল্লেখ করেছেন প্রধান কোচ গ্যারি কারস্টেন ও সহকারী কোচ আজহার মেহমুদ। এমন শৃঙ্খলা পরিপন্থি কাজের কারণে টিম ম্যানেজমেন্ট উদ্বিগ্ন। একই কারণে আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে আফ্রিদিকে না-ও বিবেচনা করা হতে পারে।
তবে শুধু আফ্রিদি নয়, তার সঙ্গে আরও দু-তিনজন সিনিয়রকেও বিশ্রাম দেওয়ার সম্ভাবনা আছে। তাদের জায়গায় সুযোগ পাবেন ঘরোয়া ক্রিকেটের পারফরমাররা। সিরিজের আগে রাওয়ালপিন্ডিতে ক্যাম্প করবে পাকিস্তান দল।