আরিফুর রাজু
প্রকাশ : ১২ জুলাই ২০২৪ ১৯:৩৮ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪ ১৮:০৭ পিএম
গুরু-শিষ্য একই দিনে দাঁড়াবেন ডাগ আউটে। সংগৃহীত ছবি।
চাণক্যের একটি শ্লোক, ‘গুরু
শিষ্যকে যদি একটি অক্ষরও শিক্ষা দেন, তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই, যা দিয়ে সেই
শিষ্য গুরুর ঋণ শোধ করতে পারে।’ লিওনেল স্কালোনি এর ব্যতিক্রম নন। আর্জেন্টাইন কোচ
সুযোগ পেলেই প্রশংসায় ভাসান গুরুকে। ৪৬ বছর বয়সি এই কোচ আর্জেন্টিনার জন্য ‘কী করেছেন’
বলার চেয়ে ‘কী করেননি’ বলাটাই শ্রেয়। আর তারই গুরু লুইস দে লা ফুয়েন্তে। তাকে মনে করা
হয় স্প্যানিশ ফুটবল পুনর্জাগরণের অন্যতম পুরোধা।
ফুটবলের এই গুরু-শিষ্য একই
দিনে বসতে চলেছেন আরেকটি বড় পরীক্ষায়। একই দিনে কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপের
ফাইনাল। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শিরোপার মঞ্চে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের
কোচ স্কালোনি। ২০২১ সালে কোপা জিতে আকাশি-নীল জার্সিধারীদের ২১ বছরের খরা কাটান তিনিই।
পরের বছর বিশ্বকাপ জয়। ফিনালসিমা তো আছেই। এবার আরেকটি বড় টুর্নামেন্ট, কোপা। ফ্লোরিডায়
কলম্বোর বিপক্ষে জয় এলে, নিজেকে ছাড়িয়ে যাবে আর্জেন্টিনা। একই কথা প্রযোজ্য স্কালোনির
বেলায়ও।
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে
অনেক দূরে জার্মানিতে আয়োজিত ইউরোর ফাইনালে স্পেন। দলটির ডাগআউটে ফুয়েন্তে। স্পেনের
গৌরব ধরে রাখার গুরুদায়িত্ব তার কাঁধে। সেই ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত আন্তর্জাতিক
ফুটবলে রাজত্ব করে ইউরো, বিশ্বকাপ এবং ইউরোÑ তিন মেজর ট্রফির চক্রপূরণ করেছিল স্পেন।
এরপরই অর্জনের দিক থেকে স্প্যানিশদের ভাটার টান। ২০১৩ সালে কনফেডারেশন কাপ ফাইনালে
হারার পর থেকেই যেন বড় আসরে পথ খুঁজে পাচ্ছে না স্পেন। মাঝ সাগরে দুর্বিপাকে পড়া আলভারো
মোরাতা ও দানি ওলমোদের দায়িত্ব নেন ফুয়েন্তে। দুঃখের রাত শেষ হয়।
ঐতিহ্যবহুল তিকিতাকার সঙ্গে
গতিশীল ফুটবলে নজর দেন ৬৩ বছর বয়সি ফুয়েন্তে। ২০২৩ সালে এসে দূর করলেন ১১ বছরের শিরোপা
খরা। উয়েফা নেশন্স লিগ জয় করে স্পেন। এবার তাদের সামনে, বিশেষ করে ফুয়েন্তের সামনে
ইউরো জয়ের হাতছানি। ইংল্যান্ডের বিপক্ষে বার্লিনে লামিন ইয়ামালরা গুরুকে কী উপহার দিতে
চলেছেন, সেটাই দেখার বিষয়।
পরীক্ষার আগে গুরুর প্রতি
শুভকামনা জানিয়েছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। জানিয়েছেন, স্পেনের খেলা এখনও নিয়মিত
দেখেন তিনি। সঙ্গে ফুয়েন্তে যেভাবে দলকে পরিচালনা করেন, সেটারও প্রশংসা করেছেন। সাংবাদিকের
এক প্রশ্নের জবাবে স্কালোনি সমর্থন জানান শিক্ষকের প্রতি, ‘কোচিং কোর্সে দে লা ফুয়েন্তে
আমার শিক্ষক ছিলেন। অবশ্যই ইউরোতে আমি স্পেনের সাফল্য চাই। লুইস আমাদের অনেক কিছুই
শিখিয়েছেন। ২০১৭ সালে যারাই তার ছাত্র ছিলাম। তিনি আমাদের অনেক কিছুই শিখিয়েছেন।’
স্পেন কোচও স্মরণ করলেন স্কালোনির
কথা। প্রিয় ছাত্রের হাত ধরে আর্জেন্টিনা আবার কোপা আমেরিকা জিতবে সেই প্রত্যাশা তার।
জাভি হার্নান্দেজ-জাবি আলোনসোদের মতো সফল কোচদেরও শিক্ষক ছিলেন ফুয়েন্তে। সেই অভিজ্ঞতা
স্মরণ করে বলেন, ‘বেশকিছু কোচিং কোর্সে আমি তরুণ কোচদের শিখিয়েছি। এটা আমার সৌভাগ্য।
আমরা এই প্রজন্মের ফুটবলারদের যেমন জাভি হার্নান্দেজ, জাবি আলোনসোদের শিখিয়েছি। এমন
সব তারকা ফুটবলার যারা কোচ হতে চাইত। আর সৌভাগ্যবশত স্কালোনিও তাদের একজন ছিল।’ স্কালোনিকে
সমর্থন জানিয়ে এই স্প্যানিশ কোচ বলেন, ‘আমাদের অসাধারণ সম্পর্ক। সে একজন বিশ্বচ্যাম্পিয়ন।’