প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ জুলাই ২০২৪ ১৪:০৩ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৪ ১৪:৩৭ পিএম
ভারত ক্রিকেট দলের নতুন কোচ গৌতম গম্ভীর। দায়িত্ব প্রাপ্তির পর ফিল্ডিং কোচ হিসেবে জন্টি রোডসের নাম প্রস্তাব করেছিলেন তিনি। বোর্ড তা মেনে নেয়নি। গম্ভীরের সহকারী হিসেবে বিসিসিআইয়ের চাওয়া আরেকজন ভারতীয়।
দ্রাবিড়ের সহকারী হিসেবে রোহিত শর্মাদের ব্যাটিং কোচ ছিলেন বিক্রম রাঠৌর, বোলিং কোচ পরশ মামব্রে এবং ফিল্ডিং কোচ টি দিলীপ। তাদের সবারই মেয়াদ শেষ। দ্রাবিড়ের মতো গম্ভীরের সব সহকারীও ভারতীয় হোন, এমনটাই চাইছে ভারত ক্রিকেট বোর্ড। সে ক্ষেত্রে বোর্ড চাইলে দিলীপকে ফিল্ডিং কোচ হিসেবে রেখে দিতেই পারে। এমন সংবাদই প্রচার করছে ভারতীয় গণমাধ্যম।
গম্ভীরকে হেড কোচের দায়িত্ব দেওয়ার সময় ভারত বোর্ড জানিয়েছিল, গম্ভীর যাদের বেছে নেবেন, তাদেরই দায়িত্ব দেওয়া হবে। কিন্তু শুরুতেই ধাক্কা খেলেন তিনি। বিদেশি কোচ চাওয়ায় তার আবেদন নাকচ করে দিল বোর্ড। এর আগে দ্রাবিড় ও রবি শাস্ত্রী নিজেদের সহকারী হিসেবে যাদের চেয়েছেন, তাদের পেয়েছেন। বিপরীত হলো গম্ভীরের ক্ষেত্রেই।