প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ১৯:৫২ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৪ ১৯:৫৪ পিএম
২০১৪ বিশ্বকাপে ফুটবল বিশ্বের নজর কাড়েন হামেস রদ্রিগেজ। ব্রাজিলে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে জেতেন গোল্ডেন বুট ও সেরা গোলের পুরষ্কার। কিন্তু এরপর আর নিজের ফুটবল শৈলী ধরে রাখতে পারেননি কলম্বিয়ান এই উইঙ্গার। এক যুগ পর ফের অগ্নিশিখা ছড়াচ্ছেন রদ্রিগেজ। দীর্ঘ ২৩ বছর পর দেশকে তুলেছেন কোপা আমেরিকার ফাইনালে। দলকে শিরোপার মঞ্চে ওঠানোর পথে অ্যাটাকিং এই মিডফিল্ডার ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকেও।
বৃহস্পতিবার (১১ জুলাই) হার্ডরক স্টেডিয়ামে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। এ দিন ম্যাচের ৩৯ মিনিটে কলম্বিয়াকে জয়সূচক গোলটি এনে দেন জেফারসন লেরমা। তাকে গোলটি বানিয়ে দেন অধিনায়ক রদ্রিগেজ। যা তার এবারের কোপা আমেরিকায় ষষ্ঠ অ্যাসিস্ট। ২০২১ সালের কোপায় আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পথে সর্বোচ্চ পাঁচটি অ্যাসিস্ট করেছিলেন মেসি। এবার সর্বোচ্চ অ্যাসিস্টের সেই রেকর্ড নিজের করে নিলেন ৩২ বছর বয়সি রদ্রিগেজ।
গ্রুপ পর্বে প্যারাগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ২-১ গোলে জয়ের ম্যাচে জোড়া অ্যাসিস্ট করেছিলেন রদ্রিগেজ। পরের ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচেও এক অ্যাসিস্ট ছিল তার। কোয়ার্টার ফাইনালে পানামাকে ৫-০ গোলে উড়িয়ে দেয় কলম্বিয়া। এই জয়ের পথে একটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেন হামেস। সব মিলিয়ে সেমিফাইনাল পর্যন্ত পাঁচ ম্যাচে ৬ অ্যাসিস্ট ও ১টি গোল করেছেন তিনি। এখন পর্যন্ত এবারের কোপা আমেরিকার সেরা পারফর্মার ৩২ বছর বয়সী এই তারকা।
কোপার ফাইনালে আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মেসিদের আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। এই ম্যাচেও নিজের দুর্দান্ত ফর্ম ধরে রাখতে পারলে হামেস জিতে নিতে পারেন জাতীয় দলের জার্সিতে প্রথম শিরোপাও। সেই সঙ্গে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার তার হাতে ওঠা অনেকটাই নিশ্চিত। তাই কোপার শিরোপা জয়ের ক্ষেত্রে বুড়ো রদ্রিগেজই এখন কলম্বিয়ার বাজির ঘোড়া।