নিশ্চিত করেছে বিসিসিআই
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪ ২১:১২ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৪ ২১:৪৫ পিএম
রোহিত শর্মারা নতুন কোচ হিসেবে গম্ভীরকেই পাচ্ছেন— সংগৃহীত ছবি
সম্ভাবনা ছিল, যদি কিন্তুও ছিল। ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড দুটি নাম রেখেছিল সংক্ষিপ্ত তালিকায়। রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়া জায়গায় সেখানে নিযুক্ত হয়েছেন গৌতম গম্ভীর। দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল দুটি বিশ্বকাপ জেতা গম্ভীর হবেন ভারত দলের প্রধান কোচ। শুধু অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিসিসিআই সচিব জয় শাহ।
ভারতের নতুন প্রধান কোচ গম্ভীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘ভারত আমার পরিচয়। দেশের হয়ে কাজ করতে পারার বিষয়টি জীবনের সবথেকে বড় সুযোগ। (ভারতীয় দলে) ফিরতে পেরে সম্মানিত বোধ করছি।’
বিসিসিআইয়ের নিয়ম অনুয়ায়ী ভারতের কোচ থাকা অবস্থায় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে কোচিং বা অন্য কোনো দায়িত্বে থাকতে পারবেন না কেউ। সেই হিসেবে কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের পদ ছাড়তে হবে গম্ভীরকে। গত আইপিএলে কলকাতাকে চ্যাম্পিয়ন বানানো গম্ভীর যদিও বড় স্বপ্ন দেখছেন।
এবার মেন ইন ব্লুদের সাফল্যের সারধী হতে চান সাবেক এই ওপেনার, ‘অবশ্যই এবার আলাদা ভূমিকা ফিরে এসেছি। কিন্তু আগেও আমার যে লক্ষ্য ছিল, এখনও সেটাই থাকছে। সেটা হলো যে প্রত্যেক ভারতীয়কে গর্বিত করা। ১৪০ কোটি ভারতীয়ের স্বপ্ন কাঁধে নিয়ে এগিয়ে চলে মেন ইন ব্লু। সেই স্বপ্নগুলো যাতে সত্যি হয়, তা নিশ্চিত করার জন্য নিজের সবকিছু উজাড় করে দেব।’
আইপিএলে মেন্টর হিসেবে বেশ সফল গম্ভীর। সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে সুসম্পর্ক থাকায় তার ব্যাপারে বেশ আগ্রহী হয়ে ওঠে বোর্ড। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে ২০২২ এবং ২০২৩ সালে দারুণ সফলতা উপহার দেন সাবেক এ ক্রিকেটার। দু’বারই লক্ষ্ণৌ আইপিএলের প্লে-অফে উঠেছিল।
২০২৪ সালে গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে দায়িত্ব নেন। এ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন শ্রেয়াস আইয়ারের দল। তাতে ১০ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন হয় কলকাতা। এ ছাড়াও খেলোয়াড় হিসেবে ২০০৭ এবং ২০১১ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন গম্ভীর। এবার ভারতকে গর্বিত করার লক্ষ্য নিয়ে কোচিংয়ে নিযুক্ত হচ্ছেন গম্ভীর।