প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪ ২১:০৯ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৪ ২১:৫৯ পিএম
পাকিস্তান ক্রিকেটে হাহুতাশ চলছেই। একের পর এক বৈশ্বিক ইভেন্টে হারের
দায়ে কাঠগড়ায় বাবর আজমের দল। পাকিস্তান ক্রিকেটের দুর্দিন নিয়ে বিশ্লেষণ কম হচ্ছে না।
যার সবশেষ সংযোজন রশিদ লতিফ। পাকিস্তানের ব্যর্থতার কারণ জানিয়েছেন দেশটির সাবেক উইকেটরক্ষক
ব্যাটার।
ভারতের ভুল ধরার পাশাপাশি প্রতিবেশী ও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের প্রশংসা
করেছেন রশিদ লতিফ, ‘ভারত তাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মতো ক্রিকেট ইন্ডাস্ট্রির উন্নয়ন
করেছে। আমরা ক্রিকেটকে এখনও শখ হিসেবেই দেখছি। এ কারণেই এটাকে ব্যবসায় রূপ দিতে পারছি
না।’
ক্রিকেটে পাকিস্তানের পিছিয়ে থাকার কারণ হিসেবে তিনি বলেছেন, ‘পিএসএল
যেখান থেকে শুরু হয়েছিল, এখনও সেখানেই পড়ে আছে। সর্বোচ্চ বেতন সীমা ১ লাখ ৪০ হাজার
ডলার। তারা এটাকে কেন আর বাড়াতে পারছে না? আমরা কেন মিচেল স্টার্ক বা প্যাট কামিন্সের
মতো খেলোয়াড় পাই না? কারণ, আমাদের অর্থ নেই, তাই ব্যবসাও নেই।’
আক্ষেপ নিয়ে রশিদ বলেছেন, ‘যে লোকগুলোর মাথা থেকে পিএসএলের ধারণাটা
এসেছিল, এক বছরের মধ্যে তাদের ছুড়ে ফেলা হয়েছে। এটা বড় করার একটা লক্ষ্য ছিল তাদের,
কিন্তু এটা হলো না। পিএসএলের চেয়ে বিপিএলে বিদেশি খেলোয়াড় বেশি খেলে। শুধু টাকা বেশি
আছে বলেই মঈন আলী, ডেভিড মিলাররা সেখানে খেলে। আমরাই শুধু এগোতে পারি না।’