প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪ ২০:৩৯ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৪ ২২:০৯ পিএম
টেস্টকে বলা হয় ক্রিকেটের সবচেয়ে অভিজাত
সংস্করণ। ক্রিকেটের প্রাচীন এই ফরম্যাটে খেলার মর্যাদা আছে ১২ দলের। কিন্তু টি-টোয়েন্টি
ফরম্যাটের আগ্রাসনে দিনে দিনে জনপ্রিয়তা হারাচ্ছে এই ফরম্যাটটি। সাদা পোশাকের এই ফরম্যাটের
জনপ্রিয়তা বজায় রাখার জন্য অভিনব পারমর্শ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয়
ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। তার মতে, টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা কমিয়ে ছয় বা সাত করা
হোক।
গত রবিবার (৭ জুলাই) মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের আয়োজিত এক অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে শাস্ত্রী বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতা এবং আকর্ষণ বজায় রাখার জন্য টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা ১২ থেকে কমিয়ে ছয় বা সাতে আনা আবশ্যক। রেলিগেশন-প্রমোশন সিস্টেম চালু করতে হবে। দুটো টায়ারের টেস্ট ফরম্যাট করা যেতেই পারে তবে টেস্ট খেলিয়ে দেশের সংখ্যাটা কমিয়ে ছয় বা সাতে আনতে হবে। সংখ্যা কমিয়ে আনলে টেস্টের প্রতি আকর্ষণ বজায় থাকবে।’
রবি শাস্ত্রীর মতে, টেস্ট ক্রিকেটের
জনপ্রিয়তা ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দেশের মধ্যেই সীমাবদ্ধ। বাকি দেশগুলোতে
টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা নেই বললেই চলে। তাই টেস্টে রেলিগেশন-প্রমোশন সিস্টেম চালু
হলে ফরম্যাটটিতে খেলা কঠিন হবে বাংলাদেশসহ অপেক্ষাকৃত দুর্বল দেশগুলোর। কারণ ১২ দলের
টেস্ট মর্যাদা থাকলেও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে পারছে মাত্র ৯ দল।