প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪ ১৯:৪৪ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৪ ১৯:৫১ পিএম
দীর্ঘদিন পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছিল বাংলাদেশ। কিন্তু প্রত্যাশার ছিটেফোঁটাও মেটাতে পারেননি টাইগাররা। এই রাউন্ডে নাজমুল হোসেন শান্ত ব্রিগেড একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি। অস্ট্রেলিয়া ও ভারতের কাছে অসহায় আত্মসমর্পণের পরেও সেমিফাইনালে খেলার স্বপ্ন বেঁচে ছিল। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সেই সমীকরণ মেলাতে তো পারেইনি, উল্টো সুপার এইট থেকে বিদায় নিয়েছে খালি হাতেই। টি-টোয়েন্টি ক্রিকেটে যে টাইগাররা বেশ পিছিয়ে আছে, সেটা আবারও স্বীকার করলেন জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। একই সাথে তিনি জানালেন, টি-টোয়েন্টিতে ক্রিকেটারদের ম্যাচ বাড়ানোয় নজর দিচ্ছে বিসিবি।
মঙ্গলবার (৯ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বর্তমানে বিসিবির চিফ কো অর্ডিনেটর অব প্রোগ্রাম হিসেবে দায়িত্ব সামলানো নান্নু। এসময় টি-টোয়েন্টি ফরম্যাট নিয়ে বোর্ডের ভাবনার কথা জানান সাবেক এই ক্রিকেটার, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে এমনিতে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের ঘরোয়া ক্রিকেট যদি দেখেন, খেলোয়াড়রা অনেক কম সংখ্যক ম্যাচ খেলে। আবার বিপিএলের মতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় বিদেশি খেলোয়াড়রাই খেলে। সেই জায়গায় আমাদের খেলোয়াড়দের সুযোগ কিন্তু কম থাকে, এখন চিন্তা করা হচ্ছে যে লোকাল খেলোয়াড়দের জন্য টি-টোয়েন্টি টুর্নামেন্ট ও ম্যাচের সংখ্যা কীভাবে বাড়ানো যায়। একটা প্লাটফর্মে আরও কিছু টি-টোয়েন্টি খেলোয়াড় যেন খেলতে পারে।’

নান্নু দাবি করেন, ক্রিকেটারদের ঠিক নার্সিং করলে পরবর্তী বিশ্বকাপে ভালো করবে দল। তিনি যোগ করেন, ‘এমন কিছু খেলোয়াড় বেছে নেওয়া দরকার, যাদেরকে নার্সিং করে ইন্টারন্যাশনালের জন্য রেডি করতে হবে। তার সঙ্গে এই খেলোয়াড়দেরকে ফ্রাঞ্চাইজি ক্রিকেটেরও অভিজ্ঞতা দিতে হবে। সব কিছু চিন্তা-ভাবনা করে একটা ফরম্যাটে ভালো দল গড়ে বিশ্বকাপের চিন্তাটা করা উচিৎ। এখন যে অবস্থায় আছে, এমন অবস্থায় হুট করে বিশ্বকাপ জয় করাটা কঠিন। একটা সময় দরকার, এই সময়ের মধ্যে দলটাকে যদি আমরা রেডি করতে পারি, তাহলে আগামী বিশ্বকাপে ভালো করার আশা করি।’
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ক্রিকেটাররা খেলার সুযোগ পান কম। যা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছিলেন ক্রিকেটাররা। সে কারণে বিপিএলের বাইরে টি-টোয়েন্টি ফরম্যাটে আরও একটি টুর্নামেন্ট চালুর দাবি উঠেছে। যা নিয়ে আগ্রহ দেখিয়েছেন ক্রিকেটার ও কোচ থেকে শুরু করে অনেকেই। বিসিবিও লোকাল ক্রিকেটারদের নিয়ে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে চায়। শেষ পর্যন্ত বিসিবি কোন পথে হাঁটে, সেটাই এখন দেখার বিষয়।