প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪ ১২:৩৬ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৪ ১২:৫৬ পিএম
ইদানীং বেশ খারাপ সময় পার করছে ব্রাজিল। চলমান কোপা আমেরিকা ছিল তাদের জন্য ঘুরে দাঁড়ানোর মঞ্চ। তবে সেখানেও ব্যর্থ হয়েছে সেলেসাওরা। কোনোরকমে গ্রুপ পর্ব পার হলেও উরুগুয়ের বিপক্ষে আর পেরে ওঠেনি। টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকেই। কোপা আমেরিকার ব্যর্থতায় অনেকেই বড় দায় দেখছেন দরিভাল জুনিয়রের। তবে তার ওপর আস্থা হারাচ্ছে না দেশটির ফুটবল ফেডারেশন। সিবিএফের প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দরিভাল জুনিয়রই ব্রাজিলের কোচ থাকছেন।
ইএসপিএন ব্রাজিলকে রদ্রিগেজ বলেছেন, ‘দুই মাস পর ব্রাজিলের পরবর্তী বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ। আমাদের পরিকল্পনা হলো, দরিভালের সঙ্গে থাকা। এটা একটি বিশ্বকাপ চক্র, দরিভাল এবং তার কোচিং স্টাফরা জানেন কোথায় কোথায় সমস্যা এবং কীভাবে সমাধান করতে হবে। ভুলগুলো দরিভাল ধরতে পেরেছেন। এভাবেই আসলে বিশ্বচ্যাম্পিয়ন দল তৈরি হয়।’
দরিভাল জুনিয়র কোপা আমেরিকার দল নির্বাচন, উরুগুয়ে ম্যাচের একাদশ নির্বাচন, গুরুত্বপূর্ণ সময়ে খেলোয়াড় বদল ও টাইব্রেকারের জন্য ফুটবলার নির্বাচনে ভুল করেছেন বলে দাবি করেছে সংবাদমাধ্যম। কোচিং স্টাফে তার ছেলের অন্তর্ভুক্তি নিয়েও উঠেছে প্রশ্ন। তার পরও ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট মনে করছেন, নতুন কোচকে আরও সময় দেওয়া দরকার। রদ্রিগেজ বলেন, ‘আমরা কোপা আমেরিকা জিততে চেয়েছিলাম। তবে এও সত্য যে, তাকে নতুন করে শুরু করতে হয়েছে। এ দলের অনেক খেলোয়াড় নতুন।’
এদিকে ২০২৬ বিশ্বকাপের লাতিন অঞ্চলের বাছাই পর্বে ব্রাজিলের বর্তমান অবস্থান ৬-এ। ছয় ম্যাচ খেলে দুই জয় আর এক ড্রয়ে তাদের পয়েন্ট মাত্র ৭। এমন পরিস্থিতি কাটিয়ে বাছাই পর্ব পেরোনোর পথ বের করাই এখন কোচ দরিভালের লক্ষ্য, ‘আবারও বলছি, আমাদের গড়ে ওঠার, বিকশিত হওয়ার ও উন্নতি করার অনেক জায়গা আছে। আপাতত আমাদের মূল লক্ষ্য পরের বিশ্বকাপে জায়গা করে নেওয়া। এখন আমরা পয়েন্ট তালিকায় (বাছাই পর্বে) ৬ নম্বরে আছি এবং তা নিয়ে মোটেও স্বস্তিতে নেই আমরা।’
ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল আগামী ৪ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের নতুন চক্র শুরু করবে।