কোপা আমেরিকা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪ ১১:৩৬ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৪ ১১:৪২ এএম
দুদিন আগেই ভবিষ্যদ্বাণী করে রেখেছেন এমিলিয়ানো মার্তিনেজ, ‘আরেকটি ফাইনাল খেলব।’ ধারভার, শক্তিমত্তা কিংবা পরিসংখ্যানÑসবকিছুর বিচারে কানাডার বিপক্ষে আর্জেন্টিনার পক্ষেই হয়তো বাজি ধরবেন সবাই। কিন্তু সাম্প্রতিক ফর্ম বা খেলার অবস্থানটাও আসবে বিবেচনায়। কোপা আমেরিকার সেমিফাইনাল, আরেক ধাপ এগোলেই স্বপ্নের ফাইনালÑএমন সমীকরণে নিজেদের উজাড় করে দিতে মরিয়া কানাডা। উত্তর আমেরিকার দলটির কোচ জেসি মার্শ হুমকিও ছুড়ে রেখেছেন, ‘শুধু রক্ষণ নয়, আক্রমণও চালাব।’
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বুধবার প্রথম সেমিফাইনালে নামবে দুদল। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ফাইনালের টিকিট কাটার লড়াই। যে লড়াইয়ের আগে শক্তিতে এগিয়ে থাকলেও স্বস্তিতে নেই আর্জেন্টিনা। অন্যদিকে হারার ভয় না করা কানাডা অপেক্ষায় ইতিহাস গড়তে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ১৫ জুলাইয়ের টিকিট কারা পাচ্ছে, সেটা সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও সনি লাইভে।
পরিসংখ্যান অবশ্য আর্জেন্টিনার পক্ষে। এখন অবধি কানাডার বিপক্ষে দুবার দেখায় দুটিতেই বড় ব্যবধানে জিতেছে তারা। চলতি কোপায় গ্রুপপর্বে কানাডাকে হারিয়েছে লিওনেল মেসিরা। আরেকটি ২০১০ সালের বিশ্বকাপে। বলা বাহুল্য, কোনো বড় আসরে কানাডা এবারই প্রথম শেষ চারে এসেছে। স্বপ্নের ফাইনালও তাদের নিশ্বাস দূরত্বে। তাই পরিসংখ্যান এবং আগের ম্যাচে করা ভুল শুধরে জয়ে চোখ রাখছে কানাডা। অপেক্ষাকৃত কম শক্তির দলটির বিপক্ষেও বেশ সতর্ক আর্জেন্টিনা। তা ছাড়া এবারের কোপায় খুব একটা ভালো ছন্দ নেই আর্জেন্টাইন ফুটবলারদের। দলের অন্যতম তারকা লিওনেল মেসি এখনও গোলের মুখ দেখেননি। সবশেষ কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে পেনাল্টিও মিস করেন এই ফুটবল সেনসেশন। তা ছাড়া চোট কাটিয়ে ওঠা আনহেল ডি মারিয়া কতটা ছন্দে ফিরতে পারেÑ তা নিয়েও আছে সংশয়।
সেই সব দুর্বল জায়গায় আঘাত হানতে চান কানাডার কোচ মার্শ। তার চোখ ফাইনালে, ‘এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। শুধু রক্ষণই সামলাব না, আমরা তাদের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবলও খেলব। তারপর দেখব আমরা সেটা পারি কিনা।’ আগের ম্যাচে ২-০ গোলে হেরেছিল কানাডা। এবার সেই ভুলের পুনারাবৃত্তি চান না মার্শ, ‘ওই ম্যাচে মেসিকে অনেক স্বাধীনতা দিয়েছিলাম। সেমিতে তাকে আমরা আরও ভালোভাবে সামলাব। এই ম্যাচের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তাকে আরও ভালোভাবে আটকানো অন্যতম দায়িত্ব। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি আমাদের খেলা সেরা ম্যাচ হবে। আমরা যদি শক্তিতে পেরে নাও উঠি, তবুও চেষ্টা করে যাব।’
লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মঞ্চে কোনো ছাড় দিতে চায় না আর্জেন্টিনাও। টানা কোপা আমেরিকা জয়ের পরিকল্পনা কষে রেখেছেন মিসদের হেডমাস্টার লিওনেল স্কালোনি। ইকুয়েডরের বিপক্ষে চমক জাগানিয়া পারফরম্যান্সের পর গোলরক্ষক এমি মার্তিনেজ শুনিয়েছেন তার প্রত্যয়ের কথা, ‘আমি সবাইকে বলেছিলাম দেশে ফিরে যাওয়ার জন্য আমি তৈরি নই। আরও একটি এবং আমরা ফাইনালে পৌঁছে যাব। আমার সমর্থকদের অনুভব করি। আমার পরিবারও কাছেই আছে। এগুলো জীবনের বিশেষ মুহূর্ত। এই দল আরও সামনে এগিয়ে যাওয়ার মতো। সব মিলিয়েই ব্যাপারটি রোমাঞ্চকর।’
নিউজার্সিতে আর্জেন্টিনা-কানাডা ম্যাচের এক দিন পর আরেক সেমিফাইনালে নামবে উরুগুয়ে-কলম্বিয়া। দুই সেমিফাইনালের জয়ী দল ১৫ জুন ফ্লোরিডায় মুখোমুখি হবে শিরোপার লড়াইয়ে। সব হিসাবনিকাশ হুমকি কিংবা হুঁশিয়ারি কাটিয়ে আর্জেন্টিনা নাকি কানাডা কাটে ফাইনালের টিকিটÑএখন তারই অপেক্ষায় ফুটবল দুনিয়া।