সূচি ফাঁস করেছে দ্য টেলিগ্রাফ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪ ২০:২৭ পিএম
বাংলাদেশের গ্রুপে পড়েছে পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড— পুরোনো ছবি
চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে প্রায় সাত মাসের মতো বাকি। আগামী বছর পাকিস্তানে বসবে আট দলের এই টুর্নামেন্ট। আইসিসি যদিও এখন অবধি নিশ্চিত করেনি, আসরটি কবে নাগাদ গড়াবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি খসড়া সূচি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে পাঠিয়েছে বলে খবর। এর মাঝেই দ্য টেলিগ্রাফ ফাঁস করেছে সূচি। ব্রিটিশ গণমাধ্যমটি জানিয়েছে, পাকিস্তানের দুটি ভেন্যুতে গ্রুপপর্বের তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। স্বাগতিক পাকিস্তান ছাড়াও আসরে টাইগারদের প্রতিপক্ষ ভারত ও নিউজিল্যান্ড।
টেলিগ্রাফ জানিয়েছে, ওয়ানডে ফরম্যাটের আসরটি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। ১৫ ম্যাচের টুর্নামেন্ট শেষ হবে ৯ মার্চ শিরোপা ফয়সালার মধ্য দিয়ে। আসরে আটটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে লড়বে। গ্রুপ ‘এ’তে বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান। গ্রুপ ‘বি’তে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। গ্রুপের সেরা দুই দল পাবে শেষ চারের টিকিট। ৫ ও ৬ মার্চ দুই সেমিফাইনাল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম আয়োজন করবে ফাইনাল।
প্রতিবেদন অনুযায়ী, চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী দিনে করাচিতে পাকিস্তান মোকাবিলা করবে নিউজিল্যান্ডের। এক দিন পর ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত লড়াই লাহোরে। বাংলাদেশ এরপর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের মোকাবিলা করবে ২৪ ফেব্রুয়ারি। গ্রুপের শেষ ম্যাচ খেলতে টাইগার ব্রিগেড আবারও ফিরবে লাহোরে। গাদ্দাফি স্টেডিয়ামে ২৭ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
আসরের সূচিটি প্রকাশ করার ক্ষেত্রে যদিও কোনো সূত্র জানায়নি দ্য টেলিগ্রাফ। সূচিটি সঠিক হলে ভারত-পাকিস্তানের মহারণ পহেলা মার্চে দেখা যেতে পারে লাহোরে। এখন অবধি ভারতকে টুর্নামেন্টে পাওয়া নিয়েও শঙ্কা আছে। সবশেষ এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে খেলা হলে ভারতের বিপক্ষে ম্যাচগুলো ভিন্ন কোনো ভেন্যুতে আয়োজন করতে হতে পারে আইসিসির। সেক্ষেত্রে বাংলাদেশেরও ট্রাভেল সূচি বেড়ে যাবে। সব ঠিকঠাক থাকলে এই সূচি অনুযায়ী পাকিস্তানের দুটি ভেন্যুতে (লাহোর ও রাওয়ালপিন্ডি) খেলবে বাংলাদেশ।
বাংলাদেশের সম্ভাব্য সূচি—
১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত লাহোর
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান রাওয়ালপিন্ডি
২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-নিউজিল্যান্ড লাহোর