প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪ ১৯:২৭ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪ ১৯:৩৯ পিএম
গত এপ্রিলে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন মুশতাক আহমেদ। মূলত পাকিস্তানের কিংবদন্তি এই লেগস্পিনারের সঙ্গে চুক্তি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। বিশ্বকাপে তার অধীনে দলের স্পিনাররা ভালো করেছিলেন, বিশেষ করে রিশাদ হোসেন নজরকাড়া পারফর্ম করেছেন। যে কারণে এই কোচকে লম্বা সময়ের জন্যই রেখে দিতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে তিনি টাইগার শিবিরে ছেড়ে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের স্পিন কোচের দায়িত্ব নিচ্ছেন। অবশ্য মুশতাকের জন্য দরজা খোলা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সোমবার (৮ জুলাই) মিরপুরে বিসিবি কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি সুজন। সেখানেই মুশতাকের প্রসঙ্গে সুজন বলেন, ‘আগে থেকেই তার কিছু চুক্তি করা ছিল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যেটা আছে, এর বাইরে আরও কিছু চুক্তি তার আছে। তখন আমরা শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ওইটুক পর্যন্ত তার সঙ্গে চুক্তি করি। তার সঙ্গে আজকেও কথা হয়েছে। উনার ডিসেম্বর পর্যন্ত আগের কিছু চুক্তি করা আছে।’
প্রধান নির্বাহী কর্মকর্তা অবশ্য জানিয়েছেন, মুশতাককে কত দিনের জন্য পাওয়া যাবে, সেটা বিসিবি তাঁর কাছে আগেও জানতে চেয়েছিল। কিন্তু আগে থেকেই অন্যান্য জায়গায় কথা বলে রাখায় তখন তাঁর পক্ষে বিসিবিকে তা জানানো সম্ভব হয়নি। যদিও বিসিবি এখনো আশাবাদী, বাংলাদেশ দলের স্পিনারদের অভিভাবক হিসেবে মুশতাককে তারা পাবেন। সুজন বলেন, ‘অন্যান্য কাজের বাইরে যে সময়টা তিনি বাংলাদেশকে দিতে পারবেন, সে সময়টা দেবেন। পাশাপাশি তার সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি চুক্তির ব্যাপারেও কথা হচ্ছে।’
আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। ফলে মুশতাকের বিকল্প কাউকেই খুঁজতে হবে বিসিবির। অবশ্য স্পিন কোচ হিসেবে মুশতাককেই বিবেচনার কথা বলছেন সুজন, ‘আমরা আমাদের সামনের সিরিজগুলোর সূচি পাঠিয়েছি। সেটা দেখে যত তাড়াতাড়ি সম্ভব তিনি সিদ্ধান্ত জানাবেন। গত সংবাদ সম্মেলনে আমাদের প্রেসিডেন্ট মহোদয় জানিয়েছেন, আমরা তার ব্যাপারে আগ্রহী। যেহেতু তার দিক থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছি, আমরা আপাতত তাকেই বিবেচনা করছি।’
মুশতাক পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। পাকিস্তানের হয়ে ১৪৪টি ওয়ানডে ও ৫২টি টেস্ট খেলেছেন এই কিংবদন্তি লেগ স্পিনার। এরপর কোচিং পেশায় যোগ দেন তিনি। বিভিন্ন মেয়াদে ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের স্পিন বোলিং পরামর্শকের দায়িত্ব পালন করেছেন এই কিংবদন্তি।