প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪ ১৬:৫৯ পিএম
দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে প্রথমবারের
মতো ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটার ম্যাথু ব্রিটজকে। ওয়েস্ট ইন্ডিজ সফরের আসন্ন দুই
ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। সাবেক অধিনায়ক ডিন এলগারের অবসরের
ফলে ব্যাটিং অর্ডারের শীর্ষ পাঁচের ব্যাকআপ হিসেবে ব্রিটজকেকে বিবেচনা করা হয়েছে। এর
আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’দলের হয়ে শ্রীলঙ্কা সফর করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
নিউজিল্যান্ড সফরের দ্বিতীয় সারির টেস্ট
স্কোয়াড থেকে কেবল তিনজন জায়গা পেয়েছেন ক্যারিবিয়ান সফরে – ডেভিড বেডিংহ্যাম,
ডেন পিটারসেন এবং ডেন পিডট। স্কোয়াডের বাকি সদস্যরা সর্বশেষ ভারতের বিপক্ষে হোম সিরিজের
টেস্ট স্কোয়াডে ছিলেন। তবে ক্যারিবীয় সিরিজে বাঁহাতি পেসার মার্কো ইয়ানসেনকে বিশ্রাম
দেওয়া হয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় স্কোয়াডে নেই আরেক পেসার আনরিখ নরকিয়া।
বেডিংহ্যামকে দীর্ঘ মেয়াদের জন্য টেস্ট
স্কোয়াডে বিবেচনা করছে দক্ষিণ আফ্রিকা। পিটারসেন পেস বোলিংয়ে বাড়তি অভিজ্ঞতা যোগ করবেন।
অন্যদিকে পিডট কেশভ মহারাজের সাথে দ্বিতীয় স্পিনার হিসেবে দলে জায়গা পেয়েছেন। উইকেটরক্ষক
ব্যাটার রায়ান রিকেলটনকেকে দলে ফেরানো হয়েছে। সর্বশেষ ২০২৩ সালের মার্চ মাসে টেস্ট
খেলেছিলেন তিনি। দলের একমাত্র পেস বোলিং অলরাউন্ডার ওয়াইন মালডার।
ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার
মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ৭ আগস্ট, ত্রিনিদাদে।
এরপর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ গায়ানায় শুরু হবে আগামী ১৫ আগস্ট।
দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড : টেম্বা
বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটজকে, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি,
টনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ওয়াইন মালডার, লুঙ্গি এনগিডি, ডেন পিটারসেন,
ডেন পিডট, কাগিসো রাবাদা, ত্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন এবং কাইল ভেরেয়েন।