প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪ ১৩:৫৫ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪ ১৪:১৪ পিএম
পাকিস্তানে পা রেখেই বাবরদের দুর্বলতা বুঝতে পেরেছেন গিলেস্পি—এএফপি
আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। তার আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন পাকিস্তানের লাল বলের নতুন কোচ জেসন গিলেস্পি। প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে অস্ট্রেলিয়ার সাবেক এই বোলার জোর দিয়েছেন ফিটনেসে।
পাকিস্তানের খেলোয়াড়দের ফিটনেসে চোখ রেখে গিলেস্পি সাংবাদিকদের গতকাল বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে ফিট থাকতে হবে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আন্তর্জাতিক ক্রিকেটে সবার ফিটনেসের গুরুত্ব সম্পর্কে জানা উচিত। এটা কোনো খেলোয়াড়ের প্রধান বৈশিষ্ট্য।’
ফিটনেস ছাড়াও ধারাবাহিকতার ওপর বিশেষ গুরুত্ব গিয়েছেন গিলেস্পি। তুলে এনেছেন পাকিস্তানের সর্বশেষ অস্ট্রেলিয়া সফরের কথাও, ‘অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তান ৩-০ ব্যবধানে হেরেছে কিন্তু ভালো খেলেছে। সিরিজে এমন সময়ও ছিল যেখানে প্রতিপক্ষের ওপর প্রভাব রেখেছে তারা। পাকিস্তান দল প্রচুর প্রতিভাবান কিন্তু পারফরম্যান্সের ধারাবাহিকতা তাদের মূল সমস্যা। আমরা দেখব কীভাবে পারফরম্যান্সে ধারাবাহিকতা আনা যায়।’
ফিল্ডিংয়েও পাকিস্তানের দুর্বলতা নিয়ে বলেছেন গিলেস্পি, ‘আমার মনোযোগ লাল বলের ক্রিকেটে। আমি পাকিস্তান শাহিনসকে (পাকিস্তান ‘এ’ দল) নিয়েও অস্ট্রেলিয়া সফর করব। আমি জেফ লসন ও শন টেইটের (পাকিস্তানের সাবেক বোলিং কোচ) সঙ্গেও পাকিস্তানের ক্রিকেট দলের ব্যাপারে কথা বলেছি। সবারই একই মত যে, ফিল্ডিং পাকিস্তানের দুর্বল দিক, তাই এটা আমার প্রাধান্যের বিষয় হবে। আমার ক্ষেত্রে লক্ষ্য এটাই হবে যে, আমরা বড় প্রতিপক্ষের বিপক্ষে কীভাবে খেলি।’