× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইংল্যান্ড-নেদারল্যান্ডস সেমির লড়াই

সুইস-তুর্কিদের কান্নাভেজা বিদায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ২১:০০ পিএম

কান্নায় ভেঙে পড়েছিল তুরস্কের খেলোয়াড়েরা— সংগৃহীত ছবি

কান্নায় ভেঙে পড়েছিল তুরস্কের খেলোয়াড়েরা— সংগৃহীত ছবি

বুকায়ো সাকা যখন সমতায় ফেরালেন তখন প্রথমবার, টাইব্রেকারে জয়ের পর আরেকবারÑ সুইজারল্যান্ডের বিপক্ষে গ্যারেথ সাউথগেট নিজেকে আটকে রাখতে পারেননি এই দুবার। শূন্যে ঘুসি ছুড়েছেন, সহকারীদের জড়িয়ে ধরে মাঠের পাশে গর্জন তুলেছেন। ইংলিশ কোচের আত্মহারা হওয়ার কারণ কয়েকটিÑ দল জিতেছে, নিশ্চিত করেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ চার। তার ওপর এটা তার থ্রি লায়নসের কোচিংয়ের শততম ম্যাচ। তা ছাড়া সমালোচকদের জবাব দেওয়ারও তো ছিল! জার্মানির ডুসেলডর্ফে সব সুদে-আসলে মিটিয়েছেন হ্যারি কেইনদের কোচ। সেমি নিশ্চিত করে নিজেকেও টিকিয়ে রেখেছেন সাউথগেট।

গতকাল কোয়ার্টার ফাইনালের গল্প এতটুকুতেই শেষ নয়! ডুসেলডর্ফ এরিনায় রাতের ম্যাচে জিততে যত চেষ্টার প্রয়োজন, সবটা করেছে সুইসরা। কিন্তু সুপ্রসন্ন হয়নি ভাগ্য। ব্রিল এমবোলোর গোলে সুইজারল্যান্ড যখন শেষ চারের স্বপ্ন দেখছিল তখন পাঁচ মিনিটের ব্যবধানে সব পাল্টে দেন সাকা। ম্যাচের ম্যাড়মেড়ে প্রথমার্ধের পর ৭৫ মিনিটে প্রথম গোল। সুইসদের সেই গোল ইংলিশরা শোধ করে ৮১ মিনিটে। এরপর নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত সময়েও আসেনি ফল। খেলা টাইব্রেকারে গড়ালে আর পেরে ওঠেনি সুইসরা। জেরদান শাকিরির কাছে এমন হারটাই বেশি কষ্টের।


সুইসদের অভিজ্ঞ উইঙ্গার জেরদান অবশ্য দল নিয়ে গর্বিত, ‘পেনাল্টি শুটআউটের পর বাড়ি ফিরে যাওয়ার চেয়ে যন্ত্রণাদায়ক কিছু নেই। লড়াই করেছি, রূপকথার গল্প অব্যাহত রাখতে সবাই সর্বোচ্চ চেষ্টা করেছি। দল যেভাবে ইউরোতে খেলেছে, তাতে সত্যিই গর্বিত। আমরা সুইজারল্যান্ডের অনেক মানুষকে গর্বিত করেছি এবং তাদের আনন্দ দিয়েছি।’ মন কিংবা স্বপ্ন এদিন রাতে শুধু সুইসদেরই ভাঙেনি, তুর্কিরাও পুড়েছে একই বেদনায়। নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ চারে ওঠার লড়াইয়ে তারা হেরেছে নিজেদের ভুলে। ডাচদের বিপক্ষে খেলাটি থামে ২-১ ব্যবধানে। ফল রোনাল্ড কোম্যানের দলের পক্ষে থাকলেও মূলত সেরা খেলাটি খেলেছিল তুরস্ক।

সেমির স্বপ্ন মুহূর্তেই দূরের কিছু হয়ে যাওয়ায় তুর্কিরা কান্নায় ভেঙে পড়েছিল বার্লিনে। তবে হতাশার হারে বিদায়ের বেদনা ছাপিয়ে কোচ ভিনসেঞ্জো মন্তেল্লার কাছে প্রাপ্তির আনন্দটাই অনেক বেশি, ‘টুর্নামেন্টের শুরু থেকেই টিম স্পিরিট দারুণ এবং সমর্থকরা যেভাবে দলের পাশে থেকেছেন তা অনন্য। আমরা খুবই গর্বিত। আমাদের একটি স্বপ্ন ছিল এবং খুব কাছাকাছি গিয়েছিলামও। যেভাবে খেলেছি এবং এই দলের যেমন মানসিকতা, তা ধরে রাখতে হবে আমাদের এবং পরের আসরে এটিকে বয়ে নিতে হবে।’


আনন্দে ভাসাদের শুরুতেই থাকবেন সাউথগেট। ইংলিশদের এই কোচ ছাপিয়ে গেছেন সব ইংলিশদের। ইউরোর শুরু থেকে যে দলের সমর্থকরা সমালোচনা করছিল, তাদের যেন মোক্ষম জবাব দিলেন মাঠে। দল সেমিতে ওঠার আনন্দে সেই সমর্থকদের সামনে গিয়েই নাচেন সাউথগেট। আলেকজান্ডার আরনল্ডদের সঙ্গে উদযাপন করেন নেচেগেয়ে। ম্যাচ শেষে স্তুতিও গেয়েছেন ইংলিশ কোচ, ইউরোপ-সেরার লক্ষ্যও জানিয়েছেন, ‘আজকের দিনে যদি উপভোগ করতে না পারি, তাহলে পুরো ব্যাপারটাই সময়ের অপচয়। তবে আমরা লড়ে যাচ্ছি। লড়াই থামাচ্ছি না। যেমনটা বলেছি, আরও একবার সেমিফাইনালে এবং দেখব, কতদূর আমরা যেতে পারি।’

ইংলিশ কোচ রহস্য রাখলেও খোলাখুলিভাবে নিজেদের লক্ষ্য জানিয়েছেন ডাচ কোচ কোম্যান, ‘ঠিকঠাক থাকলে আমরা আরও দুটি ম্যাচ খেলব। এটা কেউ আশা করেনি। তবে অভিযান এখনও শেষ হয়নি। সেমিফাইনাল খেললে ফাইনালেও যেতে চাইবেন। স্পেনের বিপক্ষে খেলতে পছন্দ করব, কারণ ইতিমধ্যে গ্রুপ পর্বে ফ্রান্সের বিপক্ষে খেলেছি। আগে আমাদের ইংল্যান্ডকে হারাতে হবে।’

শেষ পর্বে চলে আসা ইউরো এখন দুই ফাইনালিস্টের খোঁজে। তুরস্ককে ২-১ গোলে হারিয়ে নেদারল্যান্ডস পড়েছে সুইসদের টাইব্রেকারে বিদায় করা ইংলিশদের সামনে। ১১ জুলাই ডর্টমুন্ডে দুদলের ফাইনালে ওঠার লড়াই। বার্লিনের টিকিট এখান থেকে কারা কাটে, তা বলে দেবে সময়!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা