প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ২০:৫২ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪ ২১:২০ পিএম
স্পেনের বিস্ময় ফুটবলার লামিনে ইয়ামালে।
ইউরোর গুরুত্বপূর্ণ ম্যাচ। কোচ থেকে খেলোয়াড়, গ্যালারিতে
উপস্থিত দর্শক সবাই সিরিয়াস। পা হটকালেই অঘটন, বিপদের শঙ্কা। এমন মুহূর্তেও বাচ্চামি!
কে আগে পানি পান করবেন, এ নিয়ে নিক উইলিয়ামসন ও লামিন ইয়ামালের ‘রক-পেপার-সিজার’ খেলা।
ওদের দেখে সাধ্য কার ‘মৃত্যুকূপে’ দাঁড়িয়েও মজা করা যায়। ইয়ামালের বয়স সবে ষোলো। তাতেই
প্রতিপক্ষের হাপিত্যেশ! চক্ষু ছানাবড়া পারফর্মে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন স্প্যানিশ
রাইট উইঙ্গার। ইউরোর কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষেও গড়েছেন রেকর্ড। অপেক্ষমাণ
আরও কয়েকটি।
গত শুক্রবার জার্মানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে দানি
অলমোরের গোলে ভূমিকা ছিল ইয়ামালের। এই সহায়তা তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। ইউরোর
এক আসরে চতুর্থ স্প্যানিশ ফুটবলার হিসেবে সর্বোচ্চ তিনটি অ্যাসিস্টের কীর্তি বার্সেলোনা
সুপারস্টারের। ২০০৮ সালে এই কীর্তি গড়েন সেস ফাব্রেগাস, ২০১২ সালে ডেভিড সিলভা এবং
২০২১ সালে দানি অলমো।
জার্মানের বিদায়ি ম্যাচে আরেকটি রেকর্ড গড়েন ইয়ামাল।
১৯৯৬ সালের পর ইউরো কিংবা বিশ্বকাপের এক আসরে তিন বা তার বেশি গোলে সহায়তা করা প্রথম
টিনেজার তিনি। তাতে ভাঙে ২০ বছরের রেকর্ড। ২০০৪ ইউরোতে ২ অ্যাসিস্ট করেছিলেন রোনালদো।
পর্তুগিজ ফরোয়ার্ডের বয়স তখন ছিল ১৯ বছর। অর্থাৎ রোনালদোকেও ছাড়িয়ে গেছেন ইয়ামাল।
ইউরোতে প্রথম ম্যাচে মাঠে নেমেই রেকর্ড গড়েন ইয়ামাল।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে কজলভস্কির রেকর্ড নিজের করে নেন তিনি। ২০২১ ইউরোতে পোল্যান্ড
তারকা খেলেছিলেন ১৭ বছর ২৪৬ দিন বয়সে। রেকর্ড ভাঙা-গড়ার পাশাপাশি কয়েকটি রেকর্ডের দ্বারপ্রান্তে
তিনি। চলতি আসরে যদি কোনো স্কোর করতে পারেন, তবে তিনি ইউরোর ইতিহাসে সবচেয়ে কম বয়সে
গোল করা ফুটবলার হবেন। বর্তমানে এ রেকর্ডধারী হচ্ছেন সুইজারল্যান্ডের ইয়োহান ভলনানথেন।
২০০৪ সালে ১৮ বছর ১৪০ দিন বয়সে গোল করেছিলেন তিনি।
ফ্রান্সকে হারিয়ে স্পেন যদি ফাইনালে ওঠে এবং শিরোপার
মঞ্চে ইয়ামাল খেলেন, তবে এই প্রতিযোগিতায় ফাইনাল খেলা সবচেয়ে কম বয়সি খেলোয়াড় হবেন
তিনি। ইউরোর ফাইনাল ১৪ জুলাই। ঠিক তার আগের দিন ১৭ বছরে পা দেবেন ইয়ামাল। এর আগে সবচেয়ে
কম বয়সি ফুটবলার হিসেবে ফাইনাল খেলে রেকর্ড গড়েছেন পর্তুগালের রেনাতো সানচেজ। তিনি
১৮ বছর ১১ মাস বয়সে ফাইনাল খেলেছিলেন।