ইউরো ২০২৪
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ২০:৪৫ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪ ২১:১২ পিএম
সুইজারল্যান্ডের বিপক্ষে এভাবেই মাঠের বাইরে ছিটকে পড়েন হ্যারি কেইন। সংগৃহীত ছবি।
আর মাত্র একটি ধাপ। এরপরই স্বপ্নের ফাইনাল। ইউরোর কোয়ার্টার ফাইনালে
সুইজারল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড। ১১ জুলাই ইংলিশদের বাঁচা-মরার
লড়াইয়ে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ডাচদের মুখোমুখির আগে শঙ্কা বাড়িয়েছিলেন হ্যারি কেইন।
অবশ্য এক দিনের ব্যবধানে সে দুশ্চিন্তা উবে গেছে। ইংলিশদের আকাশ থেকে সরে গেছে মেঘ।
হ্যারি কেইন নিজেই জানিয়ে দিয়েছেন, সেমির জন্য প্রস্তুত তিনি।
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড ডিফেন্ডার ম্যানুয়েল আকানজির সঙ্গে
ধাক্কা লেগে মাঠের বাইরে ছিটকে পড়েন কেইন। ঘটনা এতটুকুতে সীমাবদ্ধ থাকলে গুঞ্জনের ডালপালা
গজাত না। মাঠের বাইরে ছিটকে পড়ার পর কোচ সাউথগেটের সঙ্গে ধাক্কা লাগে জার্মান মিউনিখ
স্ট্রাইকারের। তাতেই বিপত্তি। ম্যাচ চলাকালেই উঠিয়ে নেওয়া হয় কেইনকে। এরপরই গুঞ্জন
রটে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না কেইন। তবে ৩০ বছর বয়সি তারকা বলেছেন, তিনি ভালো
আছেন। মুখিয়ে আছেন ডাচদের বিপক্ষে খেলতে। বলেছেন, ‘আমি পানির বোতলের বক্সের সঙ্গে ধাক্কা
খেয়ে পড়ে যাই এবং হাঁটুতে ব্যথা পাই। তবে পুরোপুরি সুস্থ। ওই মুহূর্তে একটু ক্লান্ত
ছিলাম। এই যা। হাঁটুতে ব্যথা পাওয়ার পর বস (সাউথগেট) তাৎক্ষণিক আমাকে উঠিয়ে নেন।’
পরের ম্যাচ এবং চলতি আসর নিয়ে কেইনের ভাষ্য, ‘টুর্নামেন্ট অনেক কঠিন
হচ্ছে। ম্যাচগুলোও অনেক কঠিন। তবে আমরা তাদের (নেদারল্যান্ডস) হারানোর উপায় খুঁজে বের
করব।’