প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ২১:৪৫ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪ ২২:৪৫ পিএম
৪৮তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন মনন রেজা নীড়। গতকাল শনিবার শেষ রাউন্ডের খেলায় অমিত বিক্রমের সঙ্গে ড্র করে প্রথমবারের মতো জাতীয় চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতেছেন ১৪ বছর বয়সি এ কিশোর। শিরোপা জিতে সদ্যপ্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে উৎসর্গ করেছেন এ খুদে দাবাড়ু।
গতকাল খেলা শুরুর কয়েক মিনিট পরই ড্র মেনে নেন দুই প্রতিযোগী। ফলে ১৩ রাউন্ডে মনন ১০ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন। অবশ্য দেশের তিন গ্র্যান্ডমাস্টারকে ছাপিয়ে চ্যাম্পিয়ন হলেও উচ্ছ্বাস নেই তার। শুক্রবার গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের অকস্মাৎ মৃত্যুতে তারও মন খারাপ। দাবা ফেডারেশন জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবারের অসমাপ্ত ও শেষ রাউন্ডের খেলা দুই-তিন দিন স্থগিত করেছে। কিন্তু দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে মনন আজ শ্রীলঙ্কায় পাড়ি দেবেন। তাই শুধু তার খেলা হয়েছে।
চ্যাম্পিয়ন হয়ে মনন বলেছেন, ‘আসলে চ্যাম্পিয়ন হয়েছি ঠিকই, তবে একটুও আনন্দ লাগছে না। জিয়া স্যার এভাবে চলে যাবেন চিন্তাও করিনি। আমাদের রেখে চলে গেলেন। খুবই খারাপ লাগছে। স্যারের সঙ্গে আমার অনেক স্মৃতি। তার বাসায় ১১ দিন থেকে অনুশীলন করেছিলাম। স্যারের কথা অনেক মনে পড়ছে। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমার শিরোপা স্যারকে উৎসর্গ করছি।’
নিয়াজ মোর্শেদ ১৩ আর জিয়াউর রহমান ১৪ বছর বয়সে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন। নীড়ের অফিসিয়াল বয়স ১৪ হলেও প্রকৃত অর্থে ১৪ পেরিয়েছে। এই জাতীয় দাবা মূলত নীড়ময়। একটি আন্তর্জাতিক মর্যাদা পেয়েছেন আবার চ্যাম্পিয়ন হয়েছেন। জাতীয় চ্যাম্পিয়ন হয়েই তৃপ্ত থাকতে চান না নারায়াণগঞ্জের এই দাবাড়ু–, ‘আমি প্রথমেই বলেছি বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই। জাতীয় চ্যাম্পিয়নের মাধ্যমে সেই পথযাত্রা মাত্র শুরু করলাম।’