প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ১৯:৪৭ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪ ২১:৫৮ পিএম
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ম্যাচের পর মার্তিনেজকে গভীর আলিঙ্গন করেছেন মেসি— সংগৃহীত ছবি
ইকুয়েডরকে থামিয়ে টেক্সাসে যখন এমিলিয়ানো মার্তিনেজকে ঘিরে উদযাপন চলছে, সাংবাদিকদের তখন লিওনেল মেসি বলেন, ‘আমি জানতাম দিবু পারবে।’ কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে দিবু খ্যাত মার্তিনেজ পেরেছেনও। সুতোয় ঝুলতে থাকা ম্যাচে আরেকবার ত্রাতা হয়েছেন আর্জেন্টিনার। টাইব্রেকারে অজেয় এমন দিবুকে তাই প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক লিও। মহাতারকার চোখে গোলবারের নিচে এখন মার্তিনেজই বিশ্বসেরা।
২০২১ সালে অভিষেকের পর এখন অবধি চারটি পেনাল্টি শুটআউটের সবকটিতে জিতেছেন মার্তিনেজ। কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ হয়ে আবার কোপা— গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরী কোনোবারই মেসিদের হতাশ করেননি। সবশেষ কীর্তিটি দিন তিনেক আগের। টাইব্রেকারে মেসি গোল মিস করার পরও দারুণ দুটি সেভে দলকে জিতিয়েছেন এমি। এরপরই আবারও ছড়িয়েছে মার্তিনেজ বন্দনা।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ম্যাচের পর মার্তিনেজের প্রশংসা করেন মেসি, ‘আমি জানতাম, এ ধরনের সময়ে দিবু দাঁড়িয়ে যাবে। এ ধরনের মুহূর্তই ওর পছন্দ, যেটা তাকে বড় করে তুলেছে।’ এখানেই শেষ নয়, মেসি পরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে মার্তিনেজকে বলেছেন বিশ্বের সেরা গোলকিপার, ‘আরও একটি ধাপ কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে অনেক ভুগেছি। সেমিফাইনালে উঠেছি আমরা, সেজন্য সবাইকে ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের দলে আছে বিশ্বের সেরা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। এগিয়ে যাও আর্জেন্টিনা।’
কোপা আমেরিকায় আগামী বুধবার সকাল ছয়টায় কানাডার বিপক্ষে নামবে আর্জেন্টিনা। ফাইনালের টিকিট সংগ্রহের লড়াইয়ের আগে এত প্রশংসা, দিবুকে বাড়তি অনুপ্রেরণা জোগাবে নিশ্চয়!