× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাফিস ইকবালের অবস্থা এখন স্থিতিশীল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ১৯:১৯ পিএম

আপডেট : ০৬ জুলাই ২০২৪ ২০:৩৮ পিএম

নাফিস ইকবালের অবস্থা এখন স্থিতিশীল

ব্রেইন স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ ক্রিকেট দলের লজিস্টিকস ম্যানেজার ও তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবালের অবস্থা স্থিতিশীল রয়েছে। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা নানারকম পরীক্ষানিরীক্ষা করে দেখেছেন, অনেকটাই ঝুঁকিমুক্ত তিনি। যদিও তাকে আরও কয়েক দিন নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে বলে জানা গেছে। 

নাফিসের বর্তমান অবস্থা সম্পর্কে বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘স্ট্রোকের মতো জটিল জিনিস তো আসলে গ্যারান্টি দিয়ে বলা যায় না। তবে এ মুহূর্তে তিনি স্টেবল আছেন। অন্তত আরও কয়েকটা দিন তাকে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে। তার অবস্থা উন্নতির দিকে। এখন কথাও বলতে পারছেন। পুরোপুরি সুস্থ হতে আরও কয়েক সপ্তাহ লাগবে। বিশেষজ্ঞ ডাক্তাররা বেশকিছু পরীক্ষানিরীক্ষার মাধ্যমে নাফিসের অবস্থা পর্যবেক্ষণ করছেন।’

এর আগে নাফিসের মস্তিষ্কে কী হয়েছে, সে বিষয়ে গতকাল শুক্রবার রাতে দেবাশীষ চৌধুরী গণমাধ্যমে বলেছিলেন, ‘এখানকার বিশেষজ্ঞরা নানা পরীক্ষানিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করে নাফিসের সেরিব্রেল ভেনাস থ্রম্বোসিস। অর্থাৎ ওর মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট বেঁধে আছে। এটা বিরল একটা রোগ (রেয়ার ডিসঅর্ডার)।’

রোগটি বিরল হলেও চিকিৎসকদের বরাত দিয়ে দেবাশীষ বলেছেন, ‘কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এটা যদি আরও খারাপের দিকে না যায়, তাহলে এই সমস্যা পুরোপুরি ভালো হয়ে যাওয়া সম্ভব। আমরা আশাবাদী কয়েক সপ্তাহের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন নাফিস।’

সম্প্রতি নাফিস জাতীয় দলের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সফরসঙ্গী ছিলেন। দেশে ফিরে ক্রিকেটার, কোচিং স্টাফদের মতো তিনিও ছুটিতে ছিলেন। নাফিস ছুটি কাটাচ্ছিলেন চট্টগ্রামে নিজের বাসায়। শুক্রবার প্রচণ্ড মাথাব্যথা আর দুর্বলতা নিয়ে চট্টগ্রামের স্থানীয় একটা হাসপাতালে ভর্তি হলেও বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয় তাকে।

নাফিসের অসুস্থতার খবরে গতকাল সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের মতো তারকা ক্রিকেটাররা। জাতীয় দলের সাবেক অধিনায়ক, বিসিবির পরিচালক এবং নাফিস ইকবালের চাচা আকরাম খান দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা