কোপা আমেরিকা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ১৪:৪৯ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪ ১৪:৪৯ পিএম
আগামীকাল সকালে সেমির লক্ষ্যে মুখোমুখি হবে দুদল— সংগৃহীত ছবি
গ্রপ পর্বে এক জয়, দুটিতে কোনোরকমে ড্র। খেলোয়াড়রাও নেই ফর্মে, নেইমার তো দলেই নেই। এদিকে কার্ড জটিলতায় এ সময়ে দলের প্রাণভোমরা ভিনিসিয়ুস জুনিয়রকেও পাচ্ছে না ব্রাজিল। সব মিলিয়ে কোপা আমেরিকা ভালো যাচ্ছে না দরিভার জুনিয়রের শিষ্যদের। যদিও সমীকরণ ছিল সহজ, কলম্বিয়াকে হারাতে পারলেই কোয়ার্টার ফাইনালে পড়বে পানামা। ফল হলো উল্টো।
শিষ্যরা হতাশ করলেন কোচকে, গ্রুপে রানার্সআপ ব্রাজিল সেমিতে ওঠার পথে পেল অপেক্ষাকৃত কঠিন দল উরুগুয়েকে। রাখঢাক না রেখেই তাই কোচ দরিভাল বলে দিয়েছেন, ‘ম্যাচটি কঠিন হবে’। আগামীকাল রবিবার ভোরের লড়াই যে অতটা সহজ হবে না সেটির আভাসও দিয়েছে উরুগুয়ে।
-6689049c00d41.jpeg)
ব্রাজিলের ভাবনার বিষয় মূলত কম্বিনেশন কিংবা দল গঠনে। গোল পেতে যখন ভুগছে দলটির খেলোয়াড়রা, তখন দাপুটে দল সাজিয়ে বসেছেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে জয় পেয়েছে উরুগুইনরা। যুক্তরাষ্ট্রের নেভাডার লাস ভেগাসে অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে তাই সাবধানি ব্রাজিল কোচ। রবিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় মঞ্চায়িত হবে শেষ চার নিশ্চিতের লড়াই।
শক্তিমত্তা, র্যাংকিং কিংবা মুখোমুখি দেখাতে জয়— সব বিভাগেই উরুগুয়ের চেয়ে বেশ এগিয়ে ব্রাজিল। তবে এই আসরে খুব একটা ভালো অবস্থায় নেই তারা। দাপুটে উরুগুয়ের সামনে নড়বড়ে ব্রাজিলকেও তাই ভুগতে হতে পারে। যদিও পরিসংখ্যান দরিভালের শিষ্যদের শক্তি জোগাতে পারে, এখন অবধি সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৯ বার মুখোমুখি হয়েছে দুই দল। জয়ের হিসেবে অনেকখানি এগিয়েও সেলেসাও বাহিনী।
সাম্বার দেশটির ৪০ জয়ের বিপরীতে উরুগুয়ের জয় ২২টিতে। বাকি ১৭ ম্যাচ হয়েছে ড্র। তবে কোপা আমেরিকায় লাতিন অঞ্চলের দুদলের জয়ের রেকর্ড সমান। ২৬ বার প্রতিদ্বন্দ্বিতায় ব্রাজিল ও উরুগুয়ে ১১টি ম্যাচে পূর্ণ পয়েন্ট তুলেছে। বাকি ৪ ম্যাচের ফল ড্র। বিশ্বকাপে অবশ্য দুবারের বেশি তাদের দেখা হয়নি। সেখানেও জয় একটি করে।
-668904d90faa1.webp)
ফিফা র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে ব্রাজিল, ১৪তম স্থানে উরুগুয়ে। গত বছর অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে দুই দলের সবশেষ দেখা হয়, সেবার ২-০ গোলে জিতেছিল উরুগুয়ে। এবারও তারা বেশ দাপুটে। ভালভার্দে, ম্যানুয়াল উগার্তে, আরাউহো কিংবা নুনিয়েজের মতো ইউরোপ মাতানো তারকাদের নিয়ে দল গড়েছেন বিয়েলসা। মাঠ মাতাতে থাকছেন নিকোলাস ডে লা ক্রুজ, ফাকুন্দো পেলেস্ট্রিরাও।
সেমির টিকিট কাটতে ব্রাজিলকে যে যথেষ্ট কাঠখড় পোহাতে হবে, তা বুঝে গেছেন দরিভাল, ‘কোস্টারিকার মতো ম্যাচ হবে, প্যারাগুয়ের মতো ভালো মুহূর্ত আসবে, কলম্বিয়ার বিপক্ষে খুব একটা ভালো হয়নি। এমনই হয় কিংবা হবে। আশা করছি, দল মৌলিক কাজগুলো আমরা আরও ভালোভাবে করতে পারব। আমাদের ভুল, সাফল্য এবং ঘাটতির জায়গাগুলো দেখাবে ফলাফল। দুর্ভাগ্যজনকভাবে, আমরা নেইমারের মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দীর্ঘদিনের জন্য হারিয়েছি। নির্দিষ্ট একটা সময়ে আমাদের শিখতে হবে যে, গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে কোনো ম্যাচে আমরা পাব না। গুরুত্বপূর্ণ কয়েকজনকে পাব না। অন্যদের এগিয়ে আসতে হবে। আমি মনে করি, এটাই পথ। উরুগুয়ের বিপক্ষে কঠিন ম্যাচ হবে।’
শেষ চারে উঠতে উরুগুয়েও বদ্ধপরিকর। গ্রুপ পর্বে বিয়েলসার শিষ্যরাও ছিলেন দাপুটে। সেমির টিকিটের লড়াইয়ে দেখা যেতে পারে দুই কোচেরও দ্বৈরথ। নেভাডায় শেষ হাসি যারা হাসবে তারা ফাইনালের পথে পাবে কলম্বিয়া বা পানামার কাউকে।