প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ২২:৫৮ পিএম
টনি ক্রুস
কিছুদিন আগেও রিয়াল মাদ্রিদে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন জার্মানির অভিজ্ঞ মিডফিল্ডার টনি ক্রুস ও স্পেনের স্ট্রাইকার হোসেলু। ক্লাবটিকে রেকর্ড ১৫তম বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতানোর পথে উভয়ের ছিল বড় অবদান। সেই তারাই এখন আন্তর্জাতিক মঞ্চে মুখোমুখি অবস্থানে।
২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে আজ পরস্পরকে মোকাবিলা করবে প্রতিযোগিতাটির ইতিহাসের সফলতম দল স্পেন ও স্বাগতিক জার্মানি। এই আসরে দুই দলেরই রয়েছে রেকর্ড তিনটি করে শিরোপা। কিন্তু এদের মধ্যে একটি দলই পাবে সেমিফাইনালের টিকিট, আরেকটি বিদায় নেবে আজ।
এবারের ইউরো দিয়েই সব ধরনের পেশাদার ফুটবলকে বিদায় বলে দিবেন ক্রুস। গত মৌসুম দিয়ে তিনি ইতি টেনেছেন ক্লাব ফুটবল অধ্যায়। অবসর নেওয়ার আগে নিশ্চয়ই তার লক্ষ্য থাকবে জাতীয় দলের জার্সিতে আরেকটি শিরোপা উঁচিয়ে ধরার। যেটার স্বাদ এখনও পাননি তিনি। ২০১৪ সালে বিশ্বকাপ জিতলেও ইউরোতে চ্যাম্পিয়ন হওয়া হয়নি ক্রুসের। কিন্তু সেই স্বপ্ন পূরণের আশায় জল ঢেলে দিতে চাইছেন হোসেলু।
জার্মানিকে হারানোর প্রত্যয় জানিয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকার রসিকতা করে বলেছেন, ‘আশা করব, এটি তার (ক্রুস) শেষ ম্যাচ হবে। তবে ম্যাচটি এই কারণে আমাদের জন্য বিশেষ নয় যে তার মুখোমুখি হতে হবে। বরং কোয়ার্টার ফাইনালটি হবে একটি দুর্দান্ত দলের (জার্মানির) বিপক্ষে। আশা করব, শুক্রবারই (আজ) ক্রুস অবসর নিয়ে ফেলবে।’