প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ২১:১০ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪ ২১:৪৫ পিএম
বাংলাদেশের বিখ্যাত দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মন্ত্রী বলেন, বিখ্যাত দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান দেশের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাবাড়ু ছিলেন। দেশের দাবার উন্নয়ন তথা গোটা ক্রীড়াঙ্গনে তার অনবদ্য অবদানের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
এর আগে শুক্রবার পল্টনের দাবা ফেডারেশনে জাতীয় দাবার ১২তম রাউন্ডের ম্যাচে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলছিলেন জিয়াউর। বেলা ৩টায় শুরু হওয়া ম্যাচটিতে ৬টা বাজার কিছুক্ষণ আগে মাটিতে লুটিয়ে পড়েন জিয়াউর। তাকে দ্রুত শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার চেস্টা করেও জিয়াউর রহমানকে ফেরাতে পারেননি। তার অকাল মৃত্যুতে দাবাসহ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নেমে আসে শোকের ছায়া।
নিয়াজ মোরশেদের পর ২০০২ সালে বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার হওয়ার কৃতিত্ব দেখান জিয়াউর। তার একমাত্র ছেলে তাহসিন তাজওয়ার জিয়াও একজন ফিদে মাস্টার। ২০২২ সালে ৪৪তম দাবা অলিম্পিয়াডে ছেলে তাহসিনকে নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ইতিহাস গড়েন জিয়াউর রহমান।