প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ২০:২৪ পিএম
বাংলাদেশের ক্রিকেটে এখন দুটি বিষয় নিয়ে আলোচনাÑ তাসকিন আহমেদের ঘুমকাণ্ড এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ। ভারত ম্যাচের আগে তাসকিনের ঘুমিয়ে থাকার সেই ঘটনা প্রকাশের পর আবারও সমালোচনায় টাইগারদের পারফরম্যান্স। বিসিবি পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান মনে করেন, মানসিক চাপ নিতে পারেন না ক্রিকেটাররা।
গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) গণমাধ্যমে বিশ্বকাপে টাইগারদের হতাশা করার প্রসঙ্গে খেলোয়াড়দের মানসিকতা ঘাটতির কথা বলেছেন আকরাম, ‘আমরা সবকিছুতে উন্নতি করেছি, উইকেটটা দেখেছেন, স্পিননির্ভর ছিল, এখন পেস বোলাররা ভালো বোলিং করেছে। কিন্তু যেভাবে আমরা খেলছি, সবাই অবাক। কারণ ফলাফল এত খারাপ হওয়ার কথা নয়। আমার মনে হয় তারা মানসিক চাপ নিয়ে নেয়। অথচ ভারতের খেলোয়াড়রা খুব চাপে থাকে, কারণ ওদের ওপর খুব বেশি চাহিদা থাকে। কিন্তু সব সময় চ্যাম্পিয়ন হতে না পারলেও ওরা ঠিকই খেলাটা মাঠে উপভোগ করে।’
এদিকে বেশ কয়েক দিন ধরে আলোচনায় পেসার তাসকিন আহমেদের ঘুমকাণ্ড। দলের সহ-অধিনায়কের ঘুমিয়ে পড়ার বিষয়টি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আকরাম বলেছেন, ‘সে গুরুত্বপূর্ণ প্লেয়ার, আসলে এ কারণে ম্যাচ মিস করবে এমনটা হয় না। এটা আমি প্রথম শুনলাম আর কি। টিমে তো এক-দুজন থাকে না, প্রায় সাতাশ-ত্রিশজন থাকে। তো আমার মনে হয় এটা আসলে হওয়া উচিত হয়নি।’
ঘুমকাণ্ডের ঘটনার পর অবশ্য দলের সবার কাছে ক্ষমাও চেয়েছিলেন তাসকিন। তবে সহজেই পার পাচ্ছেন না এই পেসার। অধিনায়ক ও টিম ম্যানেজারের রিপোর্টের পর তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বোর্ড। তবে বিসিবির আরেক পরিচালক খালেদ মাহমুদ সুজন অবশ্য তাসকিনের পাশাপাশি দলেরও দায় দেখছেন, ‘প্রথমত তাসকিনের দায়। অবশ্যই তাসকিনের দায়… তাসকিন ঘুম থেকে উঠতে পারে নাই। কিন্তু টিমের দায় ওকে ঠিক সময়মতো মাঠে নিয়ে যেতে পারেনি। এটা টিমের দায়।’
গ্রুপ পর্ব থেকে সুপার এইট পর্ব কোথাও ভালো ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ দল। ঠিক কী কারণে ভালো ব্যাটিং করতে পারেনি টাইগাররা এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘ব্যাটিং ভালো করতে পারিনি যদিও উইকেট খুব খুব টাফ ছিল। এ ছাড়া সিচুয়েশন অ্যানালাইসিস করতে পারেনি কোন উইকেটে কেমন ব্যাটিং করা হচ্ছে সেটা করতে পারেনি। সুপার এইটে যাওয়ার পর আমাদের যেরকম ক্রিকেট খেলার কথা ছিল সেটা আমরা পারিনি।’