প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ১২:০২ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪ ১২:২৩ পিএম
পেনাল্টি ঠেকানোর পর মার্টিনেজের উল্লাস। সংগৃহীত ছবি
‘আমি বাড়ি ফিরতে প্রস্তুত ছিলাম না। আর্জেন্টিনা আরও সামনে যাওয়ার যোগ্য।’ হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে আজ শুক্রবার ইকুয়েডরের বিপক্ষে জয়ের পর এভাবেই মনোভাব ব্যক্ত করেন এমিলিয়ানো মার্টিনেজ।
মহাগুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে মূল ম্যাচ ১-১ গোলে ড্র থাকার পর লড়াই গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ ব্যবধানে জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। টাইব্রেকারে ইকুয়েডরের দুটি শট ঠেকিয়ে দেন মার্টিনেজ। ম্যাচ শেষে মিক্সড জোনে তিনি বলেছেন, ‘ওদের (সতীর্থদের) বলেছি, আমি বাড়ি যেতে প্রস্তুত নই। আমার পরিবার কাছেই আছে। এগুলো জীবনের বিশেষ মুহূর্ত। এ দল আরও সামনে এগিয়ে যাওয়ার মতো। সব মিলিয়েই ব্যাপারটি রোমাঞ্চকর।’
মাঠ কিংবা বাইর—সব জায়গাতেই সম আত্মবিশ্বাস মার্টিনেজের। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ২৪টি পেনাল্টি শটের মধ্যে ৯টি থামিয়েছেন। তাকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়েছে ১২ বার। দুটি গেছে বারের বাইরে। একটি লেগেছে বারে। মার্টিনেজ নিজের সাফল্যের রহস্য ব্যাখ্যা করেন এভাবে, ‘এমন কিছুর জন্যই কাজ করি। প্রতিদিন অনুশীলনে ৫০০–এর মতো শটের মুখোমুখি হই। চেষ্টা করি ভালো অবস্থানে থাকতে। দেশের এটা প্রাপ্য। মানুষ টাকা খরচ করে খেলা দেখতে চায়। আমি তো মানুষের কণ্ঠের আবেগ মিস করি, তাদের উল্লাস মিস করি। এসব নিয়ে গর্বিত। একজন গোলকিপার ও ব্যক্তি হিসেবে আমি আরও উন্নতি করতে চাই।’